কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এক আলোকদিবস হলো আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ, পৃথিবী থেকে পাঠানো কোনো বার্তা ভয়েজার-১-এর কাছে পৌঁছাতে এক দিন সময় লাগে। একইভাবে, মহাকাশযানটি থেকে পাঠানো কোনো বার্তার উত্তর পৃথিবীতে পৌঁছাতেও আরও এক দিন সময় প্রয়োজন হয়।
নাসার বিজ্ঞানী টিফানি কাটারিয়া এই অর্জনকে মহাকাশের বিশালত্বের সবচেয়ে বড় উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, অন্য নক্ষত্রজগতে ভ্রমণ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু শুধু নিজস্ব সৌরজগতের প্রান্তে পৌঁছাতেই ভয়েজার-১-এর প্রায় ৫০ বছর লেগেছে। সেখানে মাত্র এক আলোকদিবস দূরত্বে পৌঁছানোর বিষয়টি তো আরও পরের কথা। কাটারিয়া জানান, অনেক বহির্গ্রহের নক্ষত্রজগৎ পৃথিবী থেকে অন্তত কয়েক আলোকবর্ষ দূরে অবস্থিত। নাসার হিসাব অনুযায়ী, এক আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করতে ভয়েজার-১-এর প্রায় ১৮ হাজার বছর সময় লাগবে।
আন্তনাক্ষত্রিক মহাকাশযাত্রায় ভয়েজার
১৯৭৭ সালে ভয়েজার-১-এর পাশাপাশি এর যমজ মহাকাশযান ভয়েজার-২ উৎক্ষেপণ করা হয়। সূর্যের হেলিওস্ফিয়ারের বাইরের অঞ্চল, অর্থাৎ আন্তনাক্ষত্রিক মহাকাশে পৌঁছানো একমাত্র মহাকাশযান এই দুটি। নাসার ধারণা, ভয়েজার-২ ২০৩৫ সালে পৃথিবী থেকে এক আলোকদিবস দূরত্বে পৌঁছাবে।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ভয়েজার-১-এর ক্যামেরাসহ কয়েকটি যন্ত্র দূরনিয়ন্ত্রণের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মহাকাশযানটি এখনো চৌম্বকক্ষেত্রের মতো অদৃশ্য প্রাকৃতিক ঘটনা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। কাটারিয়া বলেন, ভয়েজার-১ থেকে পাওয়া তথ্যের মাধ্যমে বিজ্ঞানীরা নক্ষত্রগুলোর মধ্যবর্তী স্থানে থাকা গ্যাস, ধূলিকণা ও অন্যান্য পদার্থ সম্পর্কে গবেষণা করতে পারছেন।
ভয়েজার-১ ও ভয়েজার-২, উভয় মহাকাশযানেই রয়েছে ‘গোল্ডেন রেকর্ড’। ৩০ সেন্টিমিটার ব্যাসের সোনার প্রলেপ দেওয়া তামার তৈরি এসব ডিস্কে পৃথিবী ও মানবসভ্যতার পরিচয় তুলে ধরা হয়েছে। ভিনগ্রহের কোনো প্রাণী বা বুদ্ধিমান সভ্যতার সন্ধান পেলে তাদের কাছে পৃথিবীর পরিচয় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এসব রেকর্ড মহাকাশযানে সংযুক্ত করা হয়।
যাত্রার শুরুর দিকে ভয়েজার-১ ও ভয়েজার-২ বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনের মতো সৌরজগতের বৃহৎ গ্রহগুলো অনুসন্ধান করে। ভয়েজার-১-এর তোলা বৃহস্পতির ছবিতে প্রথমবারের মতো গ্রহটির চারপাশে বলয়ের অস্তিত্ব দেখা যায়। পাশাপাশি, এসব ছবি থেকে বৃহস্পতির বায়ুমণ্ডলে থাকা অত্যন্ত তীব্র ঘূর্ণাবর্ত ও আবহাওয়ার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পান বিজ্ঞানীরা। কাটারিয়া বলেন, ভয়েজার-১-এর তোলা ছবিগুলো বৃহস্পতির বায়ুমণ্ডলের চরম আবহাওয়া ও শক্তিশালী ঘূর্ণাবর্ত সম্পর্কে বিজ্ঞানীদের বুঝতে সহায়তা করেছে।

দৈনিক টার্গেট 


























