প্রচারিত বক্তব্যে আরও দাবি করা হয়েছে, শেখ হাসিনার বিষয়ে ভারতের সব রাজনৈতিক দল একমত। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নিজে সার্বক্ষণিক শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করেন। এ ছাড়া নিরাপত্তার কারণে একাধিকবার তাঁর বাসভবন পরিবর্তন করা হয়েছে বলেও বক্তব্যটিতে উল্লেখ রয়েছে।
ছড়িয়ে পড়া পোস্টের কমেন্টগুলো পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য বলে মনে করেছেন। এছাড়া পোস্টটিতে ১০ হাজারের বেশি রিয়েকশন ও পাঁচ শতাধিক শেয়ার রয়েছে।
প্রচারিত বক্তব্যটির সত্যতা যাচাইয়ে প্রথমে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড নিয়ে অনুসন্ধান করা হয়। ভারতীয় হাইকমিশনারের কোনো সাক্ষাৎকার, সংবাদ সম্মেলন কিংবা নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের এ সংক্রান্ত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
তবে অনুসন্ধানে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক কিছু বক্তব্য পাওয়া যায়। চলতি বছরের ৩ অক্টোবর জাতীয় দৈনিক প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনেবলা হয়, ঢাকায় বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর কর্ম অধিবেশনে শেখ হাসিনাকে ভারতে অবতরণের অনুমতি দেওয়া প্রসঙ্গে কথা বলেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া ভারতের সামনে বিকল্প ছিল না। অনুমতি না দিলে অন্য রকম পরিস্থিতি তৈরি হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
ওই অধিবেশনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে ত্রিবেদী বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান এবং এর সঙ্গে আদালত যুক্ত থাকায় নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়। তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনীর মাধ্যমে ভারতে আসেননি; বাংলাদেশের সামরিক বিমানে তিনি ভারতে পৌঁছেছিলেন।
ভারতের হাইকমিশনার বলেন, ‘সামরিক বিমানটি যখন ভারতে এসেছিল, তখন ভারত প্রস্তুত ছিল না। আমি টিভিতে দেখছিলাম এবং স্ক্রলে নিচে লেখা উঠছিল যে তিনি অন্য কোনো দেশে যাচ্ছেন। হাসিনাজি তখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের প্রতিবেশী দেশ হিসেবে বাস্তবতাকে গ্রহণ করা ছাড়া খুব কম বিকল্পই ছিল। কারণ, পরিস্থিতি কখনো কখনো এমন রূপ নেয় যার জন্য আপনি আগে থেকে প্রস্তুত থাকেন না। আমাদের উপায় কী ছিল? আমরা যদি বলতাম–না, আমরা আপনাকে অবতরণের অনুমতি দেব না, তবে পরিস্থিতি কী হতো আমি জানি না। সুতরাং, এটিই এর ঐতিহাসিক কারণ। ’
একই অধিবেশনে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়েও কথা বলেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ এবং জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার দেশটির রয়েছে। কোনো দেশেরই বাংলাদেশকে কী করা উচিত, সে বিষয়ে পরামর্শ দেওয়া উচিত নয়। তবে তাঁর এই বক্তব্য ছিল বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকার ও দুই দেশের সম্পর্কের প্রসঙ্গে। শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত বা তাঁকে নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে তিনি ‘তিনি যা চাইবেন তাই হবে’ এমন কোনো মন্তব্য করেননি।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পৌঁছানোর পর দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল হিন্ডন বিমানঘাঁটিতে তাঁর সঙ্গে সাক্ষাৎকরেন। এ বিষয়ে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও বাংলাদেশের প্রথম আলো প্রতিবেদন প্রকাশ করে। তবে তাঁদের সাক্ষাতের তথ্যের সঙ্গে প্রচারিত বক্তব্যেরদাবির সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
এ ছাড়া ২০২৪ সালের ২৪ অক্টোবর ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্টের বরাতে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে শেখ হাসিনার ভারতে অবস্থান ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোরের এক প্রতিবেদনেবলা হয়, শেখ হাসিনা নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো এলাকার একটি বাসভবনে অবস্থান করছেন। তাঁর নিরাপত্তায় সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী মোতায়েনের তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে এসব প্রতিবেদনে শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ব্যক্তিগতভাবে দেখভাল করেন, এমন কোনো তথ্য পাওয়া যায়নি। বরং তাঁর নিরাপত্তায় ভারত সরকারের পক্ষ থেকে নিরাপত্তাকর্মী মোতায়েনের কথা বলা হয়েছে।
ভারতের লোকসভার পররাষ্ট্রবিষয়ক কমিটির ১৫তম প্রতিবেদনেও শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে তথ্য রয়েছে। জুলাইয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার শেখ হাসিনাকে দেশটির ভূখণ্ড থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো সুযোগ দেয়নি। একই প্রতিবেদনে বাংলাদেশের করা প্রত্যর্পণ অনুরোধ ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন ও প্রচলিত প্রক্রিয়া খতিয়ে দেখছে বলেও উল্লেখ করা হয়।
অন্যদিকে, শেখ হাসিনার ভারতে অবস্থান ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নিয়ে ৩১ জুলাই প্রথম আলো একটি প্রতিবেদনপ্রকাশ করে। সেখানে ভারতের লোকসভার পররাষ্ট্রবিষয়ক কমিটির প্রতিবেদনের বরাতে বলা হয়, ভারত সরকার শেখ হাসিনাকে দেশটির ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো সুযোগ বা রাজনৈতিক প্ল্যাটফর্ম দেয়নি। একই প্রতিবেদনে বাংলাদেশের করা প্রত্যর্পণ অনুরোধ ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন ও প্রচলিত প্রক্রিয়া খতিয়ে দেখছে বলেও উল্লেখ করা হয়।
এ বিষয়ে ভারতের লোকসভার পররাষ্ট্রবিষয়ক কমিটিরমূল প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়। প্রতিবেদনের পঞ্চম সুপারিশে শেখ হাসিনার ভারতে অবস্থান, তাঁকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ না দেওয়া এবং বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ বিবেচনার বিষয়টি উল্লেখ রয়েছে।
![]()
দৈনিক টার্গেট 























