গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত লোকমান হোসেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তবি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তিনি বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক।
তবিবুর রহমান তবি বলেন, স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সীমান্তে সন্ত্রাসবিরোধী মিছিলে অংশ নিয়েছিলেন তিনি ও তাঁর সহকর্মীরা। পরে রাত একটার দিকে মোটরসাইকেলে করে তাঁরা বাড়ি ফিরছিলেন। ছোট আঁচড়া গ্রামে তাঁর বাড়ির ফটকের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলে তাঁরা দুজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এদিকে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বেনাপোল স্থলবন্দরে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে আগামী দিনে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, নিষিদ্ধ সংগঠনের লোকজন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে বিএনপি নেতাদের ওপর এ ধরনের হামলা চালিয়ে থাকতে পারে। গত সপ্তাহে পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওমর ফারুকের বাড়ির সামনেও দুর্বৃত্তরা হামলা করেছিল বলে তিনি দাবি করেন।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক তারেক নাহিয়ান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। ককটেল হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।

দৈনিক টার্গেট 





















