জানতে চাইলে সাবেক বিচারপতি আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সংবিধানে প্রকাশ্য বিচার ব্যবস্থার কথা বলা আছে। আমাদের দেশের প্রচলিত ধারণা প্রকাশ্য মানে জনগণের সামনে হবে। সামনে বিচারপ্রার্থী জনগণও থাকবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আদালতের দরজা বন্ধ রাখছে শৃঙ্খলার কারণে। শুধু আইনজীবী ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না। এতে একটা অসুবিধা হচ্ছে। বিচারপ্রার্থী মনে করছে, আইনজীবী কী বলল, না বলল সে জানতে পারল না। আইনজীবীর কারণেই হয়তো মামলাটা হেরে গেল। সেজন্য এই দরজা বন্ধ রেখে জনগণকে ঢুকতে না দিলে প্রকাশ্যে বিচারকার্য চলছে এটা বলা যাবে না।
গণমাধ্যমকর্মীদের প্রবেশের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘অবশ্যই গণমাধ্যমকর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া যায়। তবে কোর্ট চলাকালীন সময়ে বিচারপতিরা নানান কথাবার্তা বলেন। এগুলো বিচারের বিষয় না। মানুষ হিসেবে আলোচনা করেন। ওগুলো যদি রিপোর্ট হয় তাহলে বিচার ব্যবস্থার জন্য খারাপ হয়ে যায়।’
বিচারপতি এ এফ এম আব্দুর রহমান ১৯৮২ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০০০ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালে তাঁকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৫ সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। আর অবসরে যান ২০১৮ সালে।

দৈনিক টার্গেট 























