ভুক্তভোগী মোহাম্মদ সাব্বির খান (২৮) ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত মো. আলকাস খানের ছেলে। হামলাকারীদের কাছ থেকে পালিয়ে পিরোজপুরে পৌঁছানোর পর স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে ছাত্রদল।
সাব্বির অভিযোগ করেন, এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। এ সময় প্রায় ২০ জনের একটি দল বাসে উঠে তাঁকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়।
সাব্বির বলেন, ‘তাঁদের কয়েকজনের কাছে অস্ত্র ছিল। আমাকে নির্জন স্থানে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে লাঠি ও হকিস্টিক দিয়ে বেধড়ক মারধর করা হয় এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।’
সাব্বির আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাঁর পিঠে অস্ত্র ঠেকিয়ে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে অশালীন ও গালাগালমূলক বক্তব্য দিতে বাধ্য করেন। পরবর্তীতে সেই বক্তব্যের ভিডিও ধারণ করে তাঁর নিজের ফেসবুক আইডি থেকেই প্রকাশ করা হয়। যাওয়ার সময় হামলাকারীরা তাঁর মোবাইল ফোন ও পকেটে থাকা নগদ প্রায় ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।
একপর্যায়ে হামলাকারীদের চোখ ফাঁকি দিয়ে একটি মাঠ পেরিয়ে মূল সড়কে ফিরে আসেন সাব্বির। পরে অন্য একটি বাসে করে পিরোজপুরে পৌঁছান। রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুর শহরের সি-অফিস চত্বর থেকে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পরে তাঁকে পিরোজপুরে নিয়ে আসা ইমাদ পরিবহনের অপর একটি বাসের (নম্বর ৩০৯১) চালক মোমেন উদ্দিন জানান, বেদগ্রাম এলাকায় সাব্বির কান্নাজড়িত কণ্ঠে তাঁদের বাস থামিয়ে মারধর ও সবকিছু ছিনিয়ে নেওয়ার কথা জানান এবং পিরোজপুরে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। মানবিক দিক বিবেচনায় তাঁরা তাঁকে বাসে তুলে পিরোজপুরে নিয়ে আসেন।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ স্থানীয় নেতা-কর্মীরা। এ ছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভিডিও কলে সাব্বিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, ‘নিজ বাড়িতে ফেরার পথে ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন সাব্বিরকে বাস থেকে নামিয়ে নির্মমভাবে নির্যাতন করেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।’
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, সংগঠন হিসেবে ছাত্রদল সাব্বিরের পাশে রয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাসের চালক-সহকারীসহ জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ঘটনার বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি পুলিশ জেনেছে।
ওসি বলেন, ‘হাসপাতালে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক টার্গেট 
























