উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট সবাইকে তদারকি করতে হবে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই সরকার সরাসরি ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এ উদ্যোগে কৃষকেরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে বদলগাছী উপজেলায় কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৮৪৪ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ১৪৩ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইমতিয়াজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আতিকুর রহমানসহ স্থানীয় কৃষক ও চালকল মালিকেরা।

দৈনিক টার্গেট 

























