আব্দুল মুক্তাদির বলেন, বিপুল বিনিয়োগের প্রয়োজন হওয়ায় দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের আমদানি ব্যবসা মুষ্টিমেয় প্রতিষ্ঠানের হাতে সীমাবদ্ধ রয়েছে। এই পরিস্থিতি বদলাতে টিসিবির আওতায় নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকার।
তবে এই ব্যবস্থা কবে চালু হবে এবং বিনিয়োগকারী বাছাই ও মুনাফা বণ্টনের নিয়ম কী হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি মন্ত্রী।
এর আগে নাজমুন নাহার বলেন, চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, ডিম, মাছ ও মাংসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে, নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, শ্রমজীবী মানুষ এবং সীমিত আয়ের প্রবীণদের জন্য নিত্যপণ্যের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ছে।
বাজারে কৃত্রিম সংকট, অবৈধ মজুত ও কারসাজি বন্ধে সরকারের পদক্ষেপ জানতে চান তিনি।
এ সময় মন্ত্রী ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের ১২ নভেম্বরের কয়েকটি নিত্যপণ্যের বাজারদর তুলনা করে দেখান।
মন্ত্রী জানান, ২০২৪ সালের ১২ নভেম্বর বড় দানার মসুর ডালের দাম ছিল কেজিতে ১০৫ থেকে ১১০ টাকা। ২০২৫ সালে ছিল ৯০ থেকে ১১০ টাকা। চলতি বছরের একই দিনে তা ছিল ৯০ থেকে ১০০ টাকা।
মাঝারি দানার মসুর ডালের দাম ২০২৪ সালে ছিল ১১০ থেকে ১২০ টাকা, ২০২৫ সালে ১২৫ থেকে ১৪০ টাকা ও চলতি বছর ১১৫ থেকে ১২০ টাকা।
ছোলার দাম ২০২৪ সালে ছিল কেজিতে ১৩০ থেকে ১৪০ টাকা, ২০২৫ সালে ১০০ থেকে ১১০ টাকা ও চলতি বছর ১১০ থেকে ১২০ টাকা।
একইভাবে ২০২৪ সালের ১২ নভেম্বর প্রতি কেজি চিনির দাম ছিল ১২৮ থেকে ১৩৫ টাকা। ২০২৫ সালে ছিল ৯৫ থেকে ১১০ টাকা। চলতি বছরের একই দিনে ছিল ১১০ থেকে ১১৫ টাকা।
মন্ত্রী বলেন, কিছু পণ্যের দাম দুই বছর আগের তুলনায় কমেছে। আবার কিছু পণ্যের দাম আগের বছরের তুলনায় বেড়েছে।
সম্পূরক প্রশ্নে নাজমুন নাহার কৃষক ও ভোক্তার মধ্যে পণ্যের দামের ব্যবধান কমাতে সরকারের পদক্ষেপ জানতে চান। একই সঙ্গে রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারের পরিকল্পনা জানতে চান তিনি।
আগামী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর সরবরাহ সন্তোষজনক থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দৈনিক টার্গেট 
























