বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাড়িটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার সময় মাহিন সরকারের গ্রামের বাড়িতে তাঁর অসুস্থ বাবা-মা ও পরিবারের অন্য সদস্যরা ছিলেন। তবে মাহিন সরকার তখন ঢাকায় অবস্থান করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেট্রোল বোমাটি বাড়ির দিকে নিক্ষেপ করা হলেও প্রবেশপথে বিস্ফোরিত হয়। এতে বাড়িঘর বা কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহিন সরকার লেখেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ হুমকি দিয়ে যাচ্ছিল, আমার বাসায় আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। আজকে রাতে সাড়ে নয়টায় আমার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বাড়িতে কেবল আমার মুমূর্ষু বাবা এবং মা অসহায় অবস্থায় থাকেন। আমি কেবল ন্যায়বিচার প্রত্যাশা করি।’
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ নাশকতার ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে কাজ চলছে।

দৈনিক টার্গেট 

























