আজ রোববার দুপুরে শহরের পৌর ভাসানী মিলনায়তনে এ ঘটনা ঘটে। আহত মিলন সরকারকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী।
আহত অন্যরা হলেন চেয়ারম্যান প্রার্থী ও সদরের খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মনজুর রহমান বকুল, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মেহেদী হাসান হৃদয় ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা।
জানা গেছে, আজ রোববার শহরের পৌর ভাসানী মিলনায়তনে সদর উপজেলার সব ইউনিয়নে বিএনপিদলীয় চেয়ারম্যান, সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ চলছিল। খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনজুর রহমান বকুল ও সাধারণ সম্পাদক প্রার্থী মিলন সরকার মনোনয়ন ফরম উত্তোলন করতে আসেন। মনোনয়ন ফরম তোলার পরই নিজেদের ওপর হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন মনজুর রহমান বকুল ও মিলন সরকার।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী আহত মিলন সরকার বলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মনজুর রহমান বকুল খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম তুলতে এলে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ ও তাঁর সমর্থক জেলা যুবদল নেতা মোমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মৃদুল, সবুজ ও রিপন এসে অতর্কিতভাবে হামলা চালায়।
চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ভিপি মনজুর রহমান বকুল বলেন, আমরা ফরম উঠাইতে গেছি। ওরা ফরম উঠাতে দেবে না। ফরম ওঠানোর সময় ওরা আমাদের ওপর হামলা করে। এ সময় সাধারণ সম্পাদক প্রার্থী মিলন সরকার গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও এই গ্রুপটি আমাদের ওপর হামলা চালিয়েছে।
হামলার অভিযোগ অস্বীকার করে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ বলেন, এটা মিথ্যা অভিযোগ। তারাই আমাদের ওপর হামলা করেছে। আমি যখন ভাসানী মিলনায়তনের সামনে, তখন আমাদের লোকজন এসে বলল, আমাদের ওপর আক্রমণ করা হয়েছে।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমরা ফরম বিতরণ করে বাইরে চলে আসার পর সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল বলে শুনেছি। দলের একজন আঘাতপ্রাপ্ত হয়েছে। ঘটনা তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক টার্গেট 

























