বিলাইছড়ি, বরকল, হরিণছড়া, রাঙামাটি সদর ও কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ি এলাকা থেকে পাহাড়ি-বাঙালি ব্যবসায়ীরা নৌপথে পণ্য নিয়ে হাটে আসেন। অন্যদিকে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়াসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ব্যবসায়ীরা সড়কপথে পণ্য নিয়ে আসেন। ভোর থেকেই হাটে ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতি দেখা যায়। নিজেদের প্রয়োজনীয় পণ্য কেনাবেচায় ব্যস্ত হয়ে ওঠেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে কাপ্তাইয়ের ঠিকাদার ও ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিলাইছড়ি, রাঙামাটি সদর, হরিণছড়াসহ আশপাশের পাহাড়ি এলাকার লোকজনকে হাটে আসতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে হাটের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে। ফলে পাহাড়ি ও বাঙালি ব্যবসায়ীদের মধ্যে কোটি টাকার বেচাকেনা ব্যাহত হয়।
পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সংগঠন, প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান হলে শনিবার (২৮ নভেম্বর) থেকে পুনরায় হাটের কার্যক্রম শুরু হয়।
রাঙ্গুনিয়া থেকে শাকসবজি নিয়ে আসা ব্যবসায়ী শুক্কর ও ইমাম হোসেন জানান, আবারও হাট চালু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ায় সবাই আগের মতো বেচাকেনা করতে পারছেন।
বিলাইছড়ি থেকে আসা উচাচিং মারমা ও হরিণছড়া থেকে আসা সুজন চাকমা জানান, দীর্ঘদিন পর হাট চালু হওয়ায় তাঁরা খুবই খুশি। এর ফলে প্রয়োজনীয় পণ্য কেনাবেচার সুযোগ আবারও তৈরি হয়েছে।
কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, সংশ্লিষ্ট পাহাড়ি সংগঠন, প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সাপ্তাহিক হাট পুনরায় চালু হয়েছে। এতে ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং হাটে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

দৈনিক টার্গেট 























