পরিবারের দাবি, বিদেশ যাওয়ার চেষ্টা করতে ঢাকায় গিয়ে পরিচিত এক কলেজছাত্রের সঙ্গে টিএসসি এলাকায় বেড়াতে গিয়েছিলেন তিনি। বিস্ফোরণের পর আতঙ্কে অন্যদের সঙ্গে দৌড়াতে গিয়ে হারিয়ে ফেলেন পাসপোর্ট। পরে পুলিশ তাঁকে আটক করে।
রেজাউলের বাড়ি গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বিলকাঠোর মধ্যমপাড়া গ্রামে। স্ত্রী রেকসোনা বেগম (৩৫) ও দুই ছেলেকে নিয়ে জরাজীর্ণ একটি ঘরে বসবাস করেন তিনি। বড় ছেলে নয়ন (১৮) বিশেষ চাহিদাসম্পন্ন। ছোট ছেলে রিয়াজ হোসেন (১৬) নবম শ্রেণিতে পড়ে।
আজ সোমবার রেজাউলের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কোনো জমিজমা নেই। কৃষিশ্রমিকের কাজ করে সংসার চালাতেন রেজাউল। অভাবের কারণে কখনো কোনো রাজনৈতিক দলের সভা-সমাবেশে অংশ নেননি তিনি। কঠোর পরিশ্রম করে স্ত্রী-সন্তানদের ভরণপোষণের দায়িত্ব পালন করতেন।
পরিবারের সদস্যরা জানান, ঢাকায় গিয়ে রেজাউল গ্রামের এক পরিচিত কলেজছাত্রের মেসে উঠেছিলেন। ওই তরুণ ফার্মগেট এলাকার একটি পলিটেকনিক কলেজে পড়েন এবং শাহবাগ এলাকায় একটি মেসে থাকেন। গতকাল রোববার বিকেলে তাঁর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বেড়াতে যান রেজাউল। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে অন্যদের সঙ্গে তিনিও আতঙ্কে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড় দেন। তখন তাঁর সঙ্গে থাকা পাসপোর্ট হারিয়ে যায়। পরে পুলিশ তাঁকে আটক করে। আটকের পর তাঁকে শারীরিক নির্যাতনও করা হয়েছে।
রেজাউলের ছোট ছেলে রিয়াজ হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলে, বাবা আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁকে ঘিরেই সংসার, নিজের পড়াশোনার খরচ ও বিশেষ চাহিদাসম্পন্ন ভাইয়ের ভবিষ্যৎ। বাবাকে এ ধরনের মামলায় আটক করায় আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
রেকসোনা বেগম বলেন, রেজাউল বিদেশে গেলে সংসারের অভাব দূর হবে, ছোট ছেলে পড়াশোনা করে মানুষ হবে—এমন আশা ছিল। এখন তাঁকে দেখতে ঢাকায় যাওয়া কিংবা মামলার খরচ চালানোর সামর্থ্যও আমাদের নেই। ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে। ঋণের টাকা কীভাবে শোধ করব, তা নিয়েও দুশ্চিন্তায় আছি। হয়রানিমূলক এ মামলা থেকে আমার স্বামী মুক্তি দেওয়া হোক।
রেজাউলকে আটকের খবরে বিস্মিত হয়েছেন গ্রামের মানুষও। তাঁদের দাবি, রেজাউল শ্রমজীবী মানুষ। কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল না; সভা-সমাবেশেও তাঁকে দেখা যায়নি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, রেজাউল করিমের বিষয়ে থানায় কোনো অভিযোগ নেই।

দৈনিক টার্গেট 























