রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাউজনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি (৪৫) ও তাঁর মেয়ে লিমু খাতুন (১৭)।
স্থানীয় বাসিন্দা আব্দুর সবুর জানান, সকালে বাড়ির সামনে নিজেদের দোকানের গেট খুলতে যান মিলি। এ সময় গেটের নিরাপত্তার জন্য লাগানো লোহার রডে হাত দিতেই তিনি বিদ্যুতায়িত হন। মাকে বিদ্যুতের সংস্পর্শে ছটফট করতে দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে যান মেয়ে লিমু। কিন্তু মাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন।
পরে স্থানীয় লোকজন মা ও মেয়েকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক টার্গেট 























