বরিশাল ল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যকে ব্যঙ্গ করার কারণে মিজানুর রহমানকে বিসিবি থেকে অপসারণ না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। তিনি মিজানকে আওয়ামী লীগের অর্থদাতা দাবি করে গ্রেপ্তারের দাবি জানান।
ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম সাকিব বলেন, মিজানুর রহমান প্রধানমন্ত্রীর বক্তব্যকে ব্যঙ্গ করেছেন। এর প্রতিবাদেই তাঁরা কুশপুত্তলিকা দাহ করেছেন। তিনি আরও বলেন, মিজান বিসিবির পরিচালক পদে থাকা পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে ৫ আগস্টের একটি হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তারের দাবিও জানান তিনি।
মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নাজমুল হুদা বলেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা মিজান কীভাবে বিসিবির পরিচালক হলেন, তা তাঁদের প্রশ্ন। তাঁকে বিসিবি থেকে অপসারণ ও গ্রেপ্তারের পাশাপাশি যারা তাঁকে সহযোগিতা করছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এদিকে, মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাছনিম ফেসবুকে মিজানুর রহমানের গ্রেপ্তার দাবি করেছেন। জেলা দক্ষিণ বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিনও প্রশ্ন তুলেছেন, বিএনপি সরকারের শাসনামলে কীভাবে মিজান বিসিবির পরিচালক হলেন।
তবে এসব অভিযোগ ও বিক্ষোভের বিষয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান বলেন, ‘বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, আমি জানি না। ব্যানার ছেঁড়ায় কী আসে যায়?’ প্রধানমন্ত্রীর বক্তব্য ব্যঙ্গ করার অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
২০১২ সালে বরিশাল বিসিক শিল্পনগরীতে এক একর জমির ওপর টিনশেড ঘরে রপ্তানিমুখী জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফরচুন সুজের যাত্রা শুরু হয়। বর্তমানে সেখানে ফরচুন গ্রুপের ছয়টি শিল্পকারখানা রয়েছে। প্রতিষ্ঠানটির দখলে রয়েছে ২৮টি প্লটের মোট ৬ একর ৮০ শতাংশ জমি। পরিবারের বিভিন্ন সদস্যের নামে এসব প্লট রয়েছে।
ফরচুন সুজের প্রতিষ্ঠানের নামেই গড়ে ওঠে ক্রিকেট দল ফরচুন বরিশাল। এই দল ও ক্লাবের মাধ্যমে ক্রীড়াঙ্গনে পরিচিতি পান মিজানুর রহমান।

দৈনিক টার্গেট 




















