আজ মঙ্গলবার মাদক মামলায় আসামি হিসাবে হাজিরা দিতে এসে সাংবাদিকদের পরীমনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আদালতে তিনি অভিনেত্রী হিসেবে সাক্ষাৎকার দেন না, একজন বিচার প্রার্থী বা সাধারণ মানুষ হিসেবে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ফুটেজ নেওয়ার নামে কারও গায়ে পড়া গ্রহণযোগ্য নয়।
পরীমনি বলেন, ‘ব্যাড টাচ অর গুড টাচ, আমার তো ব্যথা লাগছে ভাই।’
তিনি বলেন, নিরাপত্তাকর্মীরা সঙ্গে থাকায় সেদিন (গত ৫ নভেম্বর) কেউ তার গায়ে পড়তে পারেননি।
গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসিরুদ্দিনকে মারধরের মামলায় পরীমনি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এলে সাংবাদিকেরা ছবি ও ভিডিও করতে গেলে তার নিরাপত্তারক্ষীরা সাংবাদিকদের ওপর হামলা করেন ও তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেন। এ ঘটনা ব্যাপক সমালোচিত হয়।
সেই সমালোচনার জবাবে পরীমনি বলেন, এর আগেও তিনি আদালতে এলে ভিড়ের মধ্যে সাংবাদিকেরা পড়ে গেলে তার লোকজনই তাদের টেনে তুলেছেন। তবে সাম্প্রতিক ঘটনায় তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পেছনের কারণ না খুঁজে ঢালাওভাবে সমালোচনা করা হচ্ছে। এটা ঠিক না।
সকালে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে যান পরীমনি।
আদালত থেকে বের হওয়ার সময় গণমাধ্যম কর্মীদের পরীমনি আরও বলেন, আদালতে প্রায় ছয় বছর ধরে যাওয়া-আসা করছি। এই সময়ে ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর ও মূলধারার সাংবাদিকদের সঙ্গে তার নিয়মিত দেখা হয়েছে। কখনো কারও সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা ঘটেনি। কিন্তু সাম্প্রতিক ঘটনায় কেন এমন পরিস্থিতি তৈরি হলো, তা খতিয়ে না দেখে ঢালাও মন্তব্য করাকে সাংবাদিকদের জন্য লজ্জার।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, একজন তাকে স্পর্শ করলে তিনি কেন তাকে ধরেছেন, তা জানতে চান। তখন ওই ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে কার্ড দেখান। পরীমনির প্রশ্ন— সাংবাদিক পরিচয় থাকলেই কি কেউ অনাকাঙ্ক্ষিত আচরণ করতে পারেন? তার দাবি, ওই ব্যক্তি পরে তার গাড়ির সামনে গিয়ে ট্রাইপড ভেঙে দেওয়ার অভিযোগ তুলে পরিস্থিতি তৈরির চেষ্টা করেন।

দৈনিক টার্গেট 





















