১৯৮৩ সালে প্রতিষ্ঠিত মিঠামইন উপজেলায় ১৭টি দপ্তরের মাধ্যমে নানামুখী নাগরিক সেবা দেয় উপজেলা প্রশাসন। বর্তমানে উপজেলা প্রশাসনের ৮টি দপ্তরে ৬০ ভাগ কর্মকর্তা-কর্মচারীর পদ ফাঁকা। সাধারণ মানুষ সেবা নিতে এসে ঘুরছেন দিনের পর দিন।
দীর্ঘদিন ধরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম পদ শূন্য থাকায় নামজারি, খাজনা প্রদানসহ ভূমিসেবা প্রার্থীরা ভোগান্তিতে পড়ছেন, আইন শৃঙ্খলাও যথাযথ ভাবে মনিটর করা কঠিন হয়ে পড়েছে।
ছয় মাস ধরে ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও, তিনি উপজেলা চেয়ারম্যান ও মিঠামইন সদর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
করিমগঞ্জ উপজেলা তথ্য ও প্রযুক্তি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার (এপি) আনোয়ার পারভেজ অতিরিক্ত দায়িত্ব পালন করেন মিঠামইনে। বাজিতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান সিরাজ অতিরিক্ত দায়িত্ব পালন করেন মিঠামইনে, এছাড়াও তিনি, ইটনা, অষ্টগ্রাম ও কুলিয়ারচর উপজেলায় দায়িত্ব পালন করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহায়কের পদ দুটি শূন্য।
পরিবার পরিকল্পনা কার্যালয়ে ৬১টি পদের বিপরীতে কর্মকর্তাসহ পদায়ন আছে ৩৮ জন। পরিবার কল্যাণ সহকারী ৮ জনের স্থলে ৪ জন, আয়া ৬ জনের পরিবর্তে ৪ জন, এমএলএসএস ৩ জন ও ২টি নৈশপ্রহরীসহ শূন্যপদ রয়েছে ২৩ টি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম খান অপু ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব আলমসহ ১৮ জনের পদায়ন থাকলেও, কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ২ টি, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসারের ১ টি, উপ-সহকারী কৃষি কর্মকর্তার ১১ টি, অফিস সহকারীর ২টি ও অফিস সহায়কের ১ টিসহ মোট ১৭টি পদ শূন্য। সংগত কারণেই কৃষি নির্ভর মিঠামইনে অর্ধেক জনবল নিয়ে কাজ করতে হচ্ছে তাদের।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সাদেকুর রহমান বদলি হওয়ায় ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজ মিয়া। এছাড়া, ২ সহকারী শিক্ষা কর্মকর্তার, ১ উচ্চমান সহকারীর ও ১ অফিস সহায়কেরসহ ৬টি শূন্য পদ নিয়ে চলছে উপজেলা শিক্ষা অফিস। ফলে, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত হচ্ছে না পরিদর্শন। দাপ্তরিক কাজে তৈরি হয়েছে স্থবিরতা।
মিঠামইন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ৭টি পদের বিপরীতে কর্মকর্তাসহ শূন্যপদ এখন ৪ টি।
স্থানীয় সরকার অধিদপ্তরে (এলজিইডি) ২১টি পদের বিপরীতে উপজেলা সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী ও নকশাকারসহ ১২ পদ ফাঁকা।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে ৭টি পদের বিপরীতে পদায়ন আছে ৫ জনের। তার মাঝে একজন প্রেষণে কর্মরত কিশোরগঞ্জ অফিসে। ৩ জন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার স্থলে ১ জন দিয়ে চলছে অফিস।
গত দুই বছর ধরে শূন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার পদটি। চলতি দায়িত্বে রয়েছেন আইরীন আক্তার। পরিদর্শক, সহকারী পরিদর্শক ও উপ-সহকারী পরিদর্শকসহ ৪টি পদ শূন্য।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরে কর্মকর্তা ছাড়া চার পদের ২টি শূন্য। সমবায় অধিদপ্তরে ১টি কর্মচারী পদ শূন্য। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে ৭টি পদের বিপরীতে কর্মরত ৩ জন, ফাঁকা পড়ে আছে ৪টি পদ। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মেকানিক, পিয়ন ও নৈশপ্রহরীর তিন পদ শূন্য।
খাদ্য নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) আইরীন আক্তার বলেন, ‘দু’বছর ধরে স্যার নেই, জনবল সংকটে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে আমাদের। সীমাহীন পরিশ্রম করে কাজ করি, একটু বিলম্ব হলে সেবাগ্রহীতারা রাগ করেন।’
কেওয়াজোড় ইউনিয়নের বাসিন্দা খোকন মিয়া (৪৭) বলেন, ‘আমার জমি নামজারির জন্য তিন বার শুনানিতে এসেছি। কিন্তু শুনানি না করে ফিরতে হচ্ছে কারণ এসিল্যান্ড নাই। আমার মতো কত মানুষ দুর দুরান্ত থেকে এসে ঘুরে যায়! কতদিন এভাবে ঘুরতে হবে কে জানে!’
ঘাগড়া ইউনিয়নের বাসিন্দা দিলোয়ারা খাতুন (২৯) বলেন, ‘পরিবার কল্যাণ সহকারী মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি বিষয়ক সেবা আমরা পাই না।’
এই বিষয়ে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা প্রশাসনের প্রায় ৬০ ভাগ পদ ফাঁকা ও ভারপ্রাপ্ত দিয়ে চলছে। শূন্যপদ পূরণে সংসদ সদস্য ও জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছি ইতিমধ্যেই। তাঁরা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা ঠেকাতে দিন-রাত কাজ করেতে হচ্ছে।’

দৈনিক টার্গেট 























