একপর্যায়ে দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকেরা গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে মঙ্গলবার সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে অবস্থান নেন। ইসলাম গার্মেন্টসের এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
এ সময় পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ভোগড়া বাইপাস এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন।

দৈনিক টার্গেট 



















