অধ্যাপক ড. বাহানুর রহমান বাকৃবির ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের শিক্ষক। হাঁসের প্রাণঘাতী ডাক প্লেগ রোগ প্রতিরোধে টিকা উদ্ভাবনবিষয়ক তাঁর গবেষণা দেশের প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশসেরা গুণী শিক্ষক হিসেবেও সরকারি সম্মাননা পেয়েছেন তিনি।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে মোট ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ ও রৌপ্যপদক দেওয়া হয়।
ভবিষ্যৎ গবেষণার পরিকল্পনা সম্পর্কে অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, প্রাণিদেহে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা জীবাণুর ওষুধ প্রতিরোধী হয়ে ওঠা বর্তমানে প্রাণিসম্পদ খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ। এটি প্রাণিসম্পদ পণ্যের রপ্তানি সম্ভাবনার পাশাপাশি মানবস্বাস্থ্যের জন্যও হুমকি তৈরি করছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর ও বহুমুখী টিকা উদ্ভাবন এবং উৎপাদনের ওপর গুরুত্ব দিতে চান তিনি।
অধ্যাপক বাহানুর বলেন, কার্যকর টিকাদান ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে প্রাণীর চিকিৎসায় ওষুধের ব্যবহার ও শারীরিক চাপ কমানো সম্ভব। এতে প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ডিম, দুধ ও মাংসের উৎপাদনও বাড়বে।
প্রাণীর মৃত্যুহার কমানো ও খামারিদের জন্য প্রাণিসম্পদ খাতকে আরও লাভজনক করে তোলাই তাঁর গবেষণার অন্যতম লক্ষ্য বলে জানান অধ্যাপক বাহানুর রহমান।

দৈনিক টার্গেট 




















