সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দেন। চিঠিতে সম্ভাব্য প্রবেশপথ হিসেবে কামালপুর সীমান্ত ব্যবহারের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান তিনি।
এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।
ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া বলেন, ‘আমরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা সীমান্তে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে দেব না। আমাদের সীমান্ত আমরা জীবন দিয়ে রক্ষা করব। অবৈধভাবে কাউকে সীমান্ত দিয়ে প্রবেশ করতে দেব না।’
ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘গতকাল ছানু খুনি হাসিনাকে উদ্দেশ করে খোলা চিঠি দিয়েছেন এবং কামালপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার কথা বলেছেন। এ ছাড়া গুঞ্জন শুনেছি, সীমান্তে আওয়ামী লীগের লোকজন এসেও পরিস্থিতি দেখে গেছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই পথ দিয়ে হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। আমরা বিজিবির পাশাপাশি সীমান্ত পাহারা দিচ্ছি।’
ধানুয়া কামালপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হালিম বলেন, ‘আমরা আগে থেকেই সীমান্তে নিয়মিত দায়িত্ব পালন ও পাহারা দিয়ে আসছি। তবে চলমান পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেন কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছি।’

দৈনিক টার্গেট 























