খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দা শেখ মেহেদী হাসান তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” সংবাদের প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে কয়রা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে শেখ মেহেদী হাসান বলেন- গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মহেশ্বরীপুর ইউনিয়নের শেখ সাহেবের মোড়ে ঘটে যাওয়া হরিণের মাংস পাচার সংক্রান্ত ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে এবং ওই ঘটনায় গ্রামবাসীরা তাকে সাক্ষী করায় একটি চক্র প্রতিহিংসা করে তার নাম জড়িয়ে অপপ্রচার চালিয়েছে। তিনি অভিযোগ করেন, পাচারকারী গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে তার বিরুদ্ধে মানববন্ধন করে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে, অথচ তিনি ঘটনাটির সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।
তিনি আরও জানান- প্রতিপক্ষ রাজনৈতিক মহল ও সুন্দরবনের কাঠ ও প্রাকৃতিক সম্পদ লুটপাটে জড়িত একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র তাকে সামাজিকভাবে হেয় করার ষড়যন্ত্র করছে। দীর্ঘদিন ধরে তিনি সুন্দরবন রক্ষায় ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এ অবস্থান প্রতিপক্ষ অপশক্তির জন্য বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে বলেই এ ধরনের ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে।
শেখ মেহেদী হাসান বলেন- আমি সবসময় এলাকার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক অগ্রগতির কাজে নিবেদিত থেকেছি। সুন্দরবন রক্ষায় যেসব উদ্যোগ নিয়েছি, তা জনগণ ইতিবাচকভাবে গ্রহণ করেছে। অথচ কিছু অসাধু মহল জনগণের সমর্থন হারিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করছে।
তিনি আরও দাবি করেন, তার বিরুদ্ধে প্রচারিত সংবাদ সম্পূর্ণ বানোয়াট, অসত্য ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। জনগণের সামনে তাকে বিভ্রান্ত করার জন্য এ সংবাদ পরিবেশন করা হয়েছে, যা সমাজে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এক কৌশল।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানান এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান, যাচাই-বাছাই ছাড়াই মিথ্যা সংবাদ প্রচার না করার জন্য।
তিনি বলেন- আমি বিশ্বাস করি প্রশাসন ও দায়িত্বশীল গণমাধ্যম সত্য উদঘাটন করবে। আমার প্রতি অন্যায়ভাবে আরোপিত অভিযোগগুলো যে ভিত্তিহীন, তা প্রমাণিত হবে।
সংবাদ সম্মেলনে স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা দাবি করেন, শেখ মেহেদী হাসান সবসময় মানবিক ও সামাজিক কাজে পাশে থেকেছেন। তাই তাকে মিথ্যা অভিযোগে জড়িয়ে অপপ্রচার চালানো অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
সর্বশেষে শেখ মেহেদী হাসান প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকে সহযোগিতার হাত বাড়িয়ে সত্য প্রকাশে ভূমিকা রাখার আহ্বান জানান।














