খুলনার কয়রায় রাষ্ট্রায়ত্ত Sonali Bank PLC-এর উদ্যোগে খেলাপি ঋণ আদায় ও গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দুপুর ১২টায় কয়রা শাখা প্রাঙ্গণে “খেলাপি থাকবো না, দেশের বোঝা হবো না” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা শাখার ব্যবস্থাপক তুষার মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ গোলাম কুদ্দুস। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুশান্ত কুমার দাস, কর্মকর্তা মোঃ ওসমান গণি এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাংকিং খাতকে শক্তিশালী রাখতে ঋণ পরিশোধে গ্রাহকদের দায়িত্বশীল হতে হবে। খেলাপি ঋণের কারণে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং নতুন উদ্যোক্তাদের ঋণ সুবিধা প্রদানেও নানা জটিলতা সৃষ্টি হয়। তাই সময়মতো ঋণ পরিশোধের মাধ্যমে একটি সুস্থ ব্যাংকিং পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ গোলাম কুদ্দুস বলেন, আগামী ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সারাদেশে বিশেষ খেলাপি ঋণ আদায় কর্মসূচি একযোগে পরিচালিত হবে। এরই অংশ হিসেবে কয়রায় এ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। তিনি জানান, ব্যাংক খেলাপি গ্রাহকদের জন্য পুনঃতফসিল, ১০ শতাংশ ডাউন পেমেন্টে ঋণ নবায়ন এবং বিশেষ ক্ষেত্রে সুদ মওকুফের সুবিধা দিচ্ছে। এসব সুযোগ কাজে লাগিয়ে গ্রাহকদের নিয়মিত ঋণ পরিশোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অনেক গ্রাহক সাময়িক আর্থিক সমস্যার কারণে ঋণ পরিশোধে পিছিয়ে পড়েন। ব্যাংক তাদের সহযোগিতা করতে আন্তরিকভাবে কাজ করছে। তবে বিশেষ সুবিধা গ্রহণের পরও যদি কেউ ঋণ পরিশোধে অনীহা দেখান, তাহলে ব্যাংক বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজন গ্রাহক বলেন, ব্যাংকের এমন উদ্যোগ গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে পুনঃতফসিল ও সুদ মওকুফের সুযোগ অনেক ব্যবসায়ী ও কৃষকের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।
শেষে খেলাপি ঋণ কমিয়ে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং দেশের উন্নয়নে সকলে একসঙ্গে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
শেখ সিরাজউদ্দৌলা লিংকন 























