আইনজীবী ইয়ামিন আলীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামে। তিনি নিজে জমিজমা সংক্রান্ত বিরোধের একটি মামলার বাদী। আজ আদালতে এ মামলার দিন ধার্য ছিল। যারা তাঁর ওপর হামলা করেছেন তারা ইয়ামিন আলীর মামলার আসামিপক্ষ।
আটক চারজন হলেন— মেহেদী হাসান, মো. নিয়াজ, মো. হাসানুল ও আব্দুল খালেক। জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রইসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রইসুল ইসলাম বলেন, ‘মামলা করার কারণে এর আগে একবার অভিযুক্তরা আদালত চত্বরে আইনজীবী ইয়ামিন আলীকে মারধর করেছিলেন। তখন এ ব্যাপারে মামলা করা হয়েছিল। কিন্তু পুলিশ সঠিকভাবে তদন্ত না করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল। ওই ঘটনার কোনো বিচার হয়নি। তখন বিচার হলে আজ আবার নতুন করে হামলার ঘটনা ঘটত না।’
রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী জানান, আদালতের কার্যক্রম শেষে আইনজীবী ইয়ামিন আলী রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) অফিসের সামনে ক্যানটিনের কাছে দাঁড়িয়ে ছিলেন। তখন ইট, বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষরা ইয়ামিন আলীর ওপর হামলা করেন। এতে তিনি রক্তাক্ত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অভিযুক্তদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
নগরের রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, ‘আইনজীবীর ওপর হামলার ঘটনায় চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ নিয়ে আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলা করার কথা রয়েছে। মামলা হলে আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হবে।’

দৈনিক টার্গেট 
























