আজ রোববার সংসদ ভবনে জাতীয় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নবিষয়ক মতামত প্রদান সংক্রান্ত কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে ডিপিডিসির মাধ্যমে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা দেখানো হয়। এ সময় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সোলার পাওয়ার সিস্টেমের উপযুক্ত সক্ষমতা নির্ধারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশনের ব্যবহার ও পরিচালনা নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে পার্লামেন্ট মেম্বার ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট ইজারাদাতা ও ইজারাগ্রহীতার সম্পাদিত চুক্তিনামা পুনর্বিবেচনার বিষয়ে আপত্তি জানায় কমিটি। একই সঙ্গে চুক্তিনামাসহ বিষয়টি অবিলম্বে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার সিদ্ধান্ত হয়।
সভায় কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

দৈনিক টার্গেট 

























