রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ভাটারা থানার পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় রিধিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, হাসপাতালে গিয়ে পুলিশ রিধির মরদেহ পায়। এ সময় তার মা ও পরিবারের অন্য সদস্যরা থানায় ছিলেন। পরিবারের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, রিধির সঙ্গে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে রিধির ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কল চলার সময়ই তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। তবে ঘটনাটির প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে রিধির মৃত্যুর আগে তার ব্যক্তিগত সম্পর্ক, ভিডিও কলে কী নিয়ে বিরোধ হয়েছিল এবং ঘটনার সময়কার পরিস্থিতি সবকিছুই তদন্তের আওতায় রাখা হয়েছে।
পুলিশ বলছে, মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও সম্পন্ন করা হচ্ছে।
রিধিকা রিধি মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও পরিচিতি পেয়েছিলেন। বিভিন্ন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে তিনি পরিচিত হন। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর ঘটনাটি ঘিরে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
দৈনিক টার্গেট 
























