মুক্তির আগে মস্তান সিনেমার গল্প নিয়ে বিস্তারিত জানাতে নারাজ কিসলু। শুধু জানালেন প্রথম সিনেমার জন্য তিনি বেছে নিয়েছেন আন্ডারওয়ার্ল্ডের গল্প। গ্যাংস্টারদের কাহিনি নিয়ে এগিয়ে যাবে সিনেমার গল্প। তবে কে কোন চরিত্রে অভিনয় করছেন, তা জানাননি তিনি। কিসলু গোলাম হায়দার জানালেন, ২৫ নভেম্বর থেকে ঢাকার বাইরে শুরু হবে মস্তান সিনেমার শুটিং। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে মস্তান প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতা।
গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘মালিক’ সিনেমার পর এটি শুভর নতুন সিনেমা। অন্যদিকে তমা মির্জাকে শেষ দেখা গেছে ‘মন যে বোঝে না’ সিনেমায়। ২০২৫ সালের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এতে তমার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। তবে এই সিনেমার শুটিং হয়েছিল প্রায় দেড় দশক আগে।
তমা সম্প্রতি শেষ করেছেন ভিকি জাহেদের ‘খলনায়ক’-এর শুটিং। এতে তাঁর সঙ্গে আছেন আফরান নিশো। এর আগে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় দেখা গেছে এই জুটিকে।
খলনায়কে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীও। এ ছাড়া চঞ্চল এখন ব্যস্ত আছেন শঙ্খ দাশগুপ্তের ‘আবার দেখা হলে’ সিনেমার শুটিংয়ে। এর মধ্যে তিনি যুক্ত হলেন কিসলু গোলাম হায়দারের মস্তান সিনেমায়।
শুভ-চঞ্চল-তমার সঙ্গে এই সিনেমায় আরও দেখা যাবে নাটকের পরিচিত মুখ সামিরা খান মাহিকে। এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হবে তাঁর। মাহি এখন আছেন পুয়ের্তো রিকোতে। সেখানে অনুষ্ঠিত মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি।

দৈনিক টার্গেট 
























