ঈদের জামাতে মুসল্লিদের ঢল
আজ সকাল থেকেই দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতে অংশ নিতে মানুষের ঢল নামে। ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন এবং একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
রাজধানী ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। এতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিচারপতি, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাতের প্রস্তুতিও রাখা হয়। এছাড়া মসজিদটিতে পর্যায়ক্রমে আরও কয়েকটি জামাত অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ও দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানেও দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। দূরদূরান্ত থেকে হাজার হাজার মুসল্লি এসব জামাতে অংশ নেন।
ঈদের দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুলনা ও বরিশাল অঞ্চলে আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদদের মতে, রাজধানী ঢাকায় সকালটা অপেক্ষাকৃত স্বাভাবিক থাকলেও দিনের দ্বিতীয়ভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। পৃথক বাণীতে তাঁরা ঈদের মূল শিক্ষা ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির চেতনা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তায় দেশ ও বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং মানুষের কল্যাণ কামনা করেন।
বিশেষ আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা ঈদ উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হয়েছে। টেলিভিশন চ্যানেল ও বেতারে প্রচার করা হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। জাতীয় দৈনিকগুলো প্রকাশ করেছে ঈদসংখ্যা।
এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশুসদনে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে। ঈদের জামাত ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সতর্ক অবস্থানে রয়েছেন।
ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারও মুসলমানদের জীবনে এসেছে পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি এই উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করবে এমন প্রত্যাশা সবার।
