গতকাল মঙ্গলবার ভেরিফায়েড ফেসবুক পজে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশপ্রধানের ওই বক্তব্য অসতর্কতাবশত এসেছে এবং তা মোটেও সমীচীন হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা ঠিক হয়নি, উচিত হয়নি। সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে কোনো ধরনের মৃত্যু সমর্থন করে না এবং এটি কোনোভাবেই সহ্য করা হবে না।’
তিনি আরও স্পষ্ট করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করাই বর্তমানে সরকারের প্রধান অগ্রাধিকার।
সম্প্রতি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ-সংক্রান্ত একটি বিতর্কিত মন্তব্য করেন। তাঁর সেই বক্তব্য ঘিরে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। আইজিপি বলেছিলেন, ‘আমাদের দায়িত্ব আইন ও সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেটাই আমরা করব। যেখানে ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি এলাউ (অনুমতি) করে আমরা (পুলিশ) সেটাই করব।’ আইজিপির বক্তব্যের পরপরই সরকারের নীতিগত অবস্থান পরিষ্কার করতে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন।
মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু এবং তথাকথিত ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সাম্প্রতিক বক্তব্য সরকারের পক্ষ থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।

দৈনিক টার্গেট 























