নারী এমপিদের দক্ষ হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়

দেশের রাজনীতি ও সংসদীয় কার্যক্রমে নারীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে বিএনপিদলীয় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি নবনির্বাচিত নারী এমপিদের উদ্দেশে এ আহ্বান জানান।

বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ বৈঠকে অংশ নেন বিএনপির সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা। সভায় প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদে কার্যকরভাবে ভূমিকা রাখতে হলে সংসদ সদস্যদের তথ্যভিত্তিক ও দক্ষ হতে হবে। পাশাপাশি সংসদীয় কার্যপ্রণালি বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি নারী এমপিদের উদ্দেশে বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় দায়িত্বশীলতা ও সতর্কতা বজায় রাখতে হবে। একই সঙ্গে ধর্মের অপব্যাখ্যা বা বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে যেন জনগণকে বিভ্রান্ত করা না যায়, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া স্থানীয় পর্যায়ে জনগণের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ রক্ষা এবং দলীয় কর্মকাণ্ড ও আদর্শ তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়ার ওপরও জোর দেন।

বৈঠকে নারী সংসদ সদস্যরা জাতীয় সংসদের কার্যক্রম, বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। উপস্থিত ৩৬ জন নারী এমপির মধ্যে ১৭ জন বক্তব্য দেন।

সভা শেষে সংরক্ষিত আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হওয়ার আগেই সংসদীয় কার্যপ্রণালি বিষয়ে দলীয় প্রশিক্ষণের আয়োজন করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রত্যেক এমপিকে নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা রুহুল কবীর রিজভীসহ দলের শীর্ষ নেতারা।

উল্লেখ্য, জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে ৫০টি নারী সদস্যদের জন্য সংরক্ষিত। এর মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি আসন।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।