গত এপ্রিল ও জুলাইয়ে দুটি পরীক্ষা হয়। এর ফলাফল ঘোষণার পর থেকেই বিতর্কের সূত্রপাত।
‘আমি ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করে নকল করেছি। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া আমার সৎ প্রচেষ্টার ফল ছিল না।’ নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে এ কথা বলেছেন ওই পরীক্ষার্থী। নিজের পদবি হান বলে পরিচয় দিয়েছেন তিনি। ‘অ্যাটর্নি লি ডন-হো’ নামের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।
হান জানান, পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলতে তিনি একটি ক্ষুদ্র ক্যামেরা ব্যবহার করেন। এরপর সেসব ছবি এআইয়ের একটি টুলে পাঠিয়ে উত্তর জেনে নেন। পরে স্মার্টফোনে উত্তরগুলো যাচাই করেন।
মুখে মাস্ক পরে ক্যামেরার সামনে কথা বলেন হান। তিনি আরও জানান, তিনি সিউল পুলিশের কাছে লিখিতভাবে নিজের অপরাধ স্বীকার করেছেন।
রোববার এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে সিউলের জুংবু পুলিশ স্টেশনে ফোন করা হলেও কেউ সাড়া দেননি।
এ দিকে এ ঘটনায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ কোরিয়ার অত্যন্ত প্রতিযোগিতামূলক জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আয়োজকদের ওপরও চাপ বেড়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে এআই ব্যবহার করে নকলের আশঙ্কা নিয়ে জনসাধারণের উদ্বেগের কথা স্বীকার করেছেন প্রধানমন্ত্রী হান সুক-সুক। দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীরা জীবনের বড় একটি সময় ধরে এই অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেন সুষ্ঠু ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে সরকার আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেবে এবং শেষ মুহূর্ত পর্যন্ত পুরো প্রক্রিয়ার ওপর নিবিড় নজর রাখবে।’

দৈনিক টার্গেট 





















