দৈনিক টার্গেট

দেশের চেতনায়

৫ লাখ সরকারি চাকরির পরিকল্পনা সরকারের

দেশের সরকারি দপ্তর ও সংস্থাগুলোতে দীর্ঘদিন ধরে থাকা শূন্যপদ পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, জনসেবার কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে প্রয়োজনীয় পদগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।

বুধবার বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক পদ খালি রয়েছে। এসব পদ পূরণ করা হলে জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার গতি ও মান উভয়ই বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী বলেন, শূন্যপদে নিয়োগের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।

সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের একটি বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় বিদ্যমান শূন্যপদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

এদিকে সংসদে আঞ্চলিক উন্নয়ন ও সরকারি সহযোগিতা নিয়ে উত্থাপিত এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ক্ষেত্রে সরকার কোনো ধরনের রাজনৈতিক বিভাজনে বিশ্বাস করে না। দেশের প্রতিটি এলাকার নাগরিক যেন সমান সুযোগ-সুবিধা পায়, সে লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।

তিনি জানান, সম্প্রতি অনুষ্ঠিত সংসদীয় কার্যক্রমসংক্রান্ত এক বৈঠকে বিরোধী দলের পক্ষ থেকে কিছু উন্নয়ন সহায়তা বণ্টন নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো সংসদীয় এলাকার জনগণ সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারদলীয় কিংবা বিরোধী দলের প্রতিনিধিত্বকারী এলাকা উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে সব অঞ্চলের জন্য সমান সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে।

স্পিকারের সভাপতিত্বে বিকেল ৩টায় শুরু হওয়া সংসদ অধিবেশনের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্ন ও সম্পূরক প্রশ্নের উত্তর দেন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।