ছাত্রদলের মামলায় এনসিপি নেতাকে গ্রেফতার
ঝিনাইদহে পাল্টাপাল্টি মামলার উত্তাপের মধ্যেই জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম রেজা ওরফে তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সন্ধ্যায় জেলা শহরের একটি রেস্টুরেন্ট এলাকায় সংবাদ সম্মেলনে অংশ নিতে গেলে তাকে আটক করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান। তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কোন ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
সম্প্রতি ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার পর এনসিপির পক্ষ থেকে তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় জেলা ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ আনা হয়।
ঘটনার একদিন পর পাল্টা মামলা করে ছাত্রদল। তাদের অভিযোগে এনসিপির একাধিক নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।
এদিকে ছাত্রদলের মামলায় অভিযুক্ত জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমানকে যশোর থেকে আটক করার পর তাকে থানা কিংবা আদালতে হাজির না করার অভিযোগ তোলে এনসিপি। সেই অভিযোগ তুলে ধরতে রোববার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিতে এসেই পুলিশের হাতে আটক হন তারেক রেজা।
অন্যদিকে এনসিপির দায়ের করা মামলায় অভিযুক্ত প্রধান আসামিসহ অন্যদের দুপুরে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে বলে জানা গেছে। পুরো ঘটনাকে ঘিরে ঝিনাইদহের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।
