রামিসা হত্যায় দ্রুত বিচারের দাবি খেলাফত মজলিসের
রামিসা হত্যাকাণ্ডে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার দুপুরে রাজধানীর পল্লবীতে রামিসার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন দলটির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম। এসময় তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
সাক্ষাৎকালে মাহবুবা হাকিম বলেন, দেশে এমন একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে নারী ও শিশুরা ভয়ভীতি ছাড়াই চলাফেরা করতে পারে। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ইসলাম এমন সমাজব্যবস্থার কথা বলে যেখানে মানুষ কেবল আল্লাহকে ভয় করবে, কোনো অপরাধীচক্র বা সন্ত্রাসীর আতঙ্কে থাকতে হবে না। তিনি বর্তমান সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এসময় বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ নাটোরী, অফিস সম্পাদক এইচ এম খোকন এবং রূপনগর থানা সভাপতি মাওলানা আহসানুল্লাহ কাসেমী উপস্থিত ছিলেন।
পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা মুরশিদ সিদ্দিকী বলেন, রামিসা হত্যার ঘটনা পুরো জাতিকে ব্যথিত করেছে। তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ বাড়িয়ে দেয় এবং অপরাধীদের আরও বেপরোয়া করে তোলে। তাই এ ধরনের নৃশংস ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, শুধু শাস্তি দিলেই হবে না, সমাজে অপরাধপ্রবণতা কমাতে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ জোরদার করতে হবে। একইসঙ্গে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমিয়ে আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
