নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রাজনীতি

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। একই সঙ্গে দলীয় পরিচয় বিবেচনা না করে দেশের সব ধর্ষক, নারী নির্যাতনকারী ও হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ, নিপীড়ন ও হত্যার ঘটনাগুলো সমাজে গভীর উদ্বেগ তৈরি করেছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নেতৃবৃন্দের মতে, অপরাধীদের বিচার দ্রুত ও নিরপেক্ষভাবে না হওয়ায় সমাজে এক ধরনের বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। ক্ষমতার প্রভাব ও রাজনৈতিক আশ্রয়ে অনেক অপরাধী পার পেয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। ফলে নারী ও শিশুদের নিরাপত্তা দিন দিন হুমকির মুখে পড়ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ধর্ষণ, খুন ও নির্যাতনের মতো ঘটনা শুধু আইনশৃঙ্খলার ব্যর্থতা নয়, এটি সামাজিক অবক্ষয়েরও স্পষ্ট প্রতিফলন। তাই অপরাধ দমনে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক প্রতিরোধও গড়ে তোলা জরুরি।

এদিকে রাজধানীর মিরপুর শাহ আলী মাজার এলাকাসহ বিভিন্ন স্থানে মব সন্ত্রাস, চাঁদাবাজি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সংগঠনটির নেতারা বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়া সরকারের ব্যর্থতার পরিচয় বহন করে।

দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, নারী নির্যাতন, ধর্ষণ, হত্যাকাণ্ড, মব সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।