প্রার্থিতা ফেরাতে হাইকোর্টে নুসরাত তাবাসসুম
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেছিল, সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই তিনি রিট আবেদন করেছেন।
সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে। আদালতের মাধ্যমে প্রার্থিতা পুনর্বহালের সুযোগ পাওয়ার আশায় এই আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি।
এর আগে গত ২২ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্ধারিত সময় বিকাল ৪টার মধ্যে কাগজপত্র জমা দেওয়ার নিয়ম থাকলেও নুসরাত তাবাসসুম তা জমা দেন নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরে। ফলে নির্বাচন কমিশন তা গ্রহণ না করে বাতিল ঘোষণা করে।
একই ঘটনায় এনসিপির আরেক নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতাও স্থগিত করা হয়। বিষয়টি দলটির ভেতরে ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।
আগামী ১২ মে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে এই আইনি প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে নুসরাত তাবাসসুম নির্বাচনে অংশ নিতে পারবেন কি না।
