বিএনপি-আওয়ামী লীগে পার্থক্য নেই: মঞ্জু
ফেনীতে রাজনৈতিক কর্মশালায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে এখনো মৌলিক পরিবর্তন আসেনি। তাঁর মতে, পরিবারকেন্দ্রিক নেতৃত্ব, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি এবং বুর্জোয়া মানসিকতার দিক থেকে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। জনগণ শেষ পর্যন্ত বিচার করবে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে—দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস ও নিত্যপণ্যের দামের পরিস্থিতিতে কোন দল কী পরিবর্তন আনতে পেরেছে।
শুক্রবার বিকেলে ফেনী শহরের মিজান রোডে জেলা এবি পার্টি আয়োজিত এক রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা এবি পার্টির জ্যেষ্ঠ আহ্বায়ক আফলাতুন বাকী এবং সঞ্চালনা করেন সদস্যসচিব প্রভাষক ফজলুল হক।
মজিবুর রহমান মঞ্জু বলেন, সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পর মানুষ নতুন রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশা করছে। তবে যদি জনগণ আগের মতো একই ধরনের শাসনব্যবস্থা, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব বিস্তার দেখতে পায়, তাহলে তাদের মধ্যে হতাশা বাড়বে এবং বিকল্প রাজনৈতিক শক্তির প্রতি আগ্রহ তৈরি হবে।
তিনি আরও বলেন, এবি পার্টি শুরু থেকেই রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। দলটি নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দাবি তুলেছিল। কিন্তু বড় রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান নেয়। তাঁর ভাষ্য অনুযায়ী, বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন না হলে পুরোনো রাজনৈতিক শক্তিগুলোই বেশি সুবিধা পাবে এবং নতুনদের জন্য সমান প্রতিযোগিতার সুযোগ তৈরি হবে না।
দলের ছয় বছরের রাজনৈতিক কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে মঞ্জু বলেন, নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করা সহজ নয়। এখনো অর্থনৈতিকভাবে প্রভাবশালী, পুরোনো রাজনৈতিক পরিচিতি সম্পন্ন এবং আবেগভিত্তিক জনসমর্থন পাওয়া ব্যক্তিরাই নির্বাচনে এগিয়ে থাকছেন। তবুও জনগণের মধ্যে বিকল্প রাজনৈতিক শক্তির প্রতি আগ্রহ ধীরে ধীরে বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্ব্য দেন এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম ও জেলা আহ্বায়ক আহসান উল্লাহ। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলের ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা, রাজনৈতিক সংস্কার এবং নতুন নেতৃত্ব তৈরির বিষয়েও আলোচনা হয়।
