শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন তারেক রহমান
ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী শনিবার তিনি সড়কপথে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন। সফরকালে উন্নয়ন কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে যাত্রা শুরু করবেন তারেক রহমান। দুপুর ১২টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তার। স্থানীয় পানি নিষ্কাশন ও কৃষি সুবিধা উন্নয়নের লক্ষ্যেই এই খাল পুনঃখনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এরপর দুপুর ২টায় ত্রিশাল নজরুল ডাকবাংলোতে স্বল্প বিরতি নেবেন তিনি। পরে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। ত্রিশালের নজরুল মঞ্চে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সফরের শেষদিকে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।
সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।
