রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। ঘটনার পর হাসপাতালটি পরিদর্শনে যান দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
পরিদর্শনের সময় তিনি হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং নবজাতকদের চিকিৎসা পরিস্থিতি ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। বিশেষ করে নিবিড় পরিচর্যা ইউনিটে দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকেও তিনি ঘটনার বিভিন্ন দিক জানতে চান।
এ সময় নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ডা. রফিকুল ইসলাম বলেন, সন্তান জন্মের পর যেসব পরিবার আনন্দ নিয়ে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিল, মুহূর্তের মধ্যেই তাদের সেই আনন্দ শোকে পরিণত হয়েছে। এমন ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং পুরো সমাজকে নাড়া দেওয়ার মতো।
তিনি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর চিকিৎসা ব্যয় ও হাসপাতালের বিল মওকুফ করার পাশাপাশি মরদেহ নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির এই নেতা আরও বলেন, ঘটনার পেছনে কোনো ধরনের অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন অন্য কোনো নবজাতক একই ধরনের ঝুঁকিতে রয়েছে কি না, সেটিও দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
জানা গেছে, ঘটনার খবর পাওয়ার পরপরই ডা. রফিকুল ইসলাম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
দৈনিক টার্গেট 

























