ক্রিকবাজের বরাত দিয়ে ভারতীয় সংবাদ নিউজ১৮ গতকাল এক প্রতিবেদনে মোস্তাফিজের নাম না থাকার বিষয়টি নিশ্চিত করেছে। এমনকি বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও নেই। তবে ক্রিকবাজের প্রতিবেদন থেকে জানা গেছে, ১২ বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন ২০২৭ আইপিএলের নিলামে। সেই ১২ ক্রিকেটার হলেন—হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, মোহাম্মদ রুবেল এবং তাসকিন আহমেদ।
গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত মিনি নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২ কোটি ৩৫ লাখ টাকা। আইপিএলের ইতিহাসে তিনিই হয়ে ওঠেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া বাংলাদেশি ক্রিকেটার হয়ে উঠেছিলেন। তাঁর ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি (২ কোটি ৬৮ লাখ টাকা)। চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে লড়াই করে নিয়েছিল কলকাতা। কিন্তু এ বছরের ৩ জানুয়ারি তাঁকে বাদ দেওয়াতে তুমুল হই চই হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি।
রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ানস—এই পাঁচ ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন মোস্তাফিজ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ২০১৬ থেকে ২০২৫ পর্যন্ত ৬০ ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট। ইকোনমি ৮.১৩। তবে এ বছর আইপিএল খেলতে না পারলেও খেলেছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। লাহোর কালান্দার্সের জার্সিতে ২০২৬ পিএসএলে ৭.১৭ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট। এমনকি মোস্তাফিজকে নিয়েছে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন রেনেগেডস।

দৈনিক টার্গেট 


























