খেলোয়াড়দের সংখ্যার অনুপাতে ‘নন-প্লেয়িং’ স্টাফের এমন আধিক্য নিয়ে প্রশ্ন উঠেছে। সফরে প্রতি দুজন অ্যাথলেটের বিপরীতে একজনের বেশি কর্মকর্তা বা কোচ যাওয়ার যৌক্তিকতা নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে দলের সঙ্গে আটজন কোচ ও সাতজন অফিশিয়ালের পাশাপাশি পাঁচ পর্যবেক্ষকের সুনির্দিষ্ট ভূমিকা কী হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সমালোচনার জবাবে আর্থিক সাশ্রয়ের বিষয়টি সামনে এনেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। সংস্থাটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপনের যুক্তি, ‘এই প্রতিযোগিতায় অংশ নিতে আমাদের কোনো খরচ লাগছে না। যাতায়াত, থাকা-খাওয়াসহ সব খরচ দেবে আয়োজকেরা। আমরা তাই অ্যাথলেটদের সঙ্গে প্রয়োজনীয় কোচ ও অফিশিয়াল পাঠাচ্ছি।’
আয়োজকদের খরচে যাওয়ার সুযোগ থাকলেও কর্মকর্তাদের এমন দীর্ঘ তালিকা কতটা প্রয়োজনীয়, তা নিয়ে প্রশ্ন রয়েছে। টুর্নামেন্টটির গুরুত্ব তুলে ধরে সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এখানে দক্ষিণ এশিয়ার বাইরের দেশ মিয়ানমার ও থাইল্যান্ডও অংশগ্রহণ করবে। আমাদের এই দলের ৮০ শতাংশ খেলোয়াড় আশা করি এসএ গেমসের দলে থাকবেন।’
দৈনিক টার্গেট 



















