রোটানা স্পোর্ট উইথ ওয়ালিদ অনুষ্ঠানে আল ফুহাইদ বলেন, ‘এতে অনেকেই ক্ষুব্ধ হতে পারেন, তবে ক্রিস্তিয়ানো রোনালদোর সমর্থকসংখ্যা আল নাসরের চেয়েও বেশি।’
নিজের দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন ফুহাইদ, ‘বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ক্রিস্তিয়ানো রোনালদোকে সমর্থন করেন। সারা পৃথিবীতে তাঁর বিশাল সমর্থকগোষ্ঠী রয়েছে। সংখ্যার হিসাব, ইতিহাস ও বাস্তবতা সবই এর প্রমাণ দেয়। কেউ অস্বীকার করুক বা না করুক।’
তবে আল ফুহাইদের এই বক্তব্য মেনে নিতে পারেননি আরেক সৌদি সাংবাদিক মোহাম্মদ আল আনজি। পাল্টা জবাবে তিনি বলেন, ‘এটা সত্য নয়। রোনালদোর চেয়ে আল নাসরের জনপ্রিয়তা বেশি।’
এ সময় আল হিলালের প্রসঙ্গও টেনে আনেন আল আনজি। তাঁর প্রশ্ন, ‘ক্রিস্তিয়ানো রোনালদোর কি আল হিলালের চেয়েও বেশি সমর্থক রয়েছে?’
আল আনজির প্রশ্নের জবাবে নিজের অবস্থানে অনড় থাকেন আল ফুহাইদ। তিনি বলেন, ‘হ্যাঁ, সেটাই ঠিক। এসব নিয়ে আমার কোনো জটিলতা নেই। আমি যা বলেছি, সেটাই বলেছি। নিজের মতো করে কোনো তথ্য বা সত্য বানিয়ে বলব না। সংখ্যাগুলো সবার চোখের সামনেই রয়েছে। তবে বিষয়টি যুক্তির।’
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিলের পর বিনা ট্রান্সফার ফিতে সৌদি ক্লাবটিতে নাম লেখান এই পর্তুগিজ তারকা। এরপর থেকে সৌদি ফুটবলের অন্যতম বড় আকর্ষণ হয়ে আছেন তিনি।

দৈনিক টার্গেট 


























