তবে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে কারিগরি ত্রুটি সমাধান করে সব সেবা পুনরায় স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক এই প্রতিষ্ঠানটি।
মার্কিন সাময়িকী ‘টাইম’-কে দেওয়া এক বিবৃতিতে অ্যাপলের একজন মুখপাত্র বলেন, ‘সকালে একটি অভ্যন্তরীণ আপডেটের কারণে কিছু সেবায় বিভ্রাট দেখা দিয়েছিল, তবে আমাদের অধিকাংশ সিস্টেম আবার সচল হয়েছে। বাকি সিস্টেমগুলোও দ্রুত অনলাইনে ফিরিয়ে আনতে আমরা কাজ করেছি।’
এই বিপর্যয়ের পেছনে কোনো ধরনের সাইবার হামলার যোগসূত্র নেই বলেও স্পষ্ট করেছেন ওই মুখপাত্র।
অ্যাপলের অফিশিয়াল ‘সিস্টেম স্ট্যাটাস’ পেজের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় (ইস্টার্ন টাইম) মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে প্রথম ‘অ্যাপলকেয়ার’ (AppleCare) প্ল্যাটফর্মে সমস্যার কথা জানানো হয়, যার মাধ্যমে গ্রাহকদের ওয়ারেন্টি ও কারিগরি সহায়তা দেওয়া হয়। বিকেল সাড়ে ৩টার দিকে অ্যাপল জানায়, এই সমস্যাটি সব ব্যবহারকারীকে প্রভাবিত করছে এবং সাময়িকভাবে অ্যাপলকেয়ার কেনার সুবিধা বন্ধ রয়েছে। অবশ্য বিকেল ৩টা ৩৯ মিনিটে সমস্যাটি সমাধান করা হয়।
এ ছাড়া দুপুর ২টা ২৭ মিনিটে অ্যাপলের ‘অ্যাপ স্টোর’ সেবাতেও ত্রুটি দেখা দেয়। তবে বিকেল সাড়ে ৩টার মধ্যে সেটিও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সন্ধ্যার পর অ্যাপলের সিস্টেম স্ট্যাটাস পেজে সবকটি সেবাকেই ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ সচল হিসেবে দেখানো হয়।
অনলাইন সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটের পর থেকে অ্যাপলের সেবা ব্যবহারে সমস্যার অভিযোগ বাড়তে থাকে। দুপুর ১টার ঠিক আগে অ্যাপল সাপোর্ট, অ্যাপল পে এবং আইক্লাউড ব্যবহারে সমস্যার কথা জানিয়ে প্রায় ২ হাজার গ্রাহক অভিযোগ নথিভুক্ত করেন।

দৈনিক টার্গেট 


























