অনেকেরই ধারণা টেলিভিশনের পর্দায় এ ধরনের প্রাণবন্ত দৃশ্য দেখতে পারার বিষয়টি নির্ভর করে রেজল্যুশনের ওপর। বিশেষ করে ফোরকে বা এইটকে রেজল্যুশনের কথা সামনে আসে। তবে ছবির মান কেবল রেজল্যুশনের ওপর নির্ভর করে না। পর্দায় রং কতটা স্বাভাবিক দেখাচ্ছে, আলো কতটা নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে এবং দৃশ্যের সূক্ষ্ম বিষয়গুলো কতটা স্পষ্ট হয়ে উঠছে, তার ওপরও দেখার অভিজ্ঞতা নির্ভর করে।
ছবির এসব দিক আরও উন্নত করতে টেলিভিশন নির্মাতারা প্রতিনিয়ত নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছেন। মাইক্রো আরজিবি তেমনই একটি প্রযুক্তি, যা পর্দায় রঙের উজ্জ্বলতা ও আলোর মাত্রা আরও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে। ফলে ছবিতে রঙের বৈচিত্র্য ও দৃশ্যের সূক্ষ্ম খুঁটিনাটি আরও স্পষ্ট হয়ে ওঠে।
প্রচলিত এলইডি টিভিতে নীল এলইডি ব্যাক লাইটের সঙ্গে বিভিন্ন স্তর ব্যবহার করে পর্দায় নানা রং তৈরি করা হয়। মাইক্রো আরজিবি প্রযুক্তিতে পদ্ধতিটি আলাদা। এতে লাল, সবুজ ও নীল রঙের জন্য থাকে পৃথক এলইডি। রং তৈরির জন্য বাড়তি ফিল্টারের প্রয়োজন হয় না। ফলে রঙের ধরন ও আলোর উজ্জ্বলতা আরও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
এর প্রভাব দেখা যায় পর্দার ছবিতে। একই রঙের বিভিন্ন শেডের পার্থক্য আরও স্পষ্ট হয়, এক রং থেকে অন্য রঙে পরিবর্তনও হয় মসৃণভাবে। একটি দৃশ্যের বিভিন্ন অংশের সূক্ষ্ম বিষয়গুলো আলাদা করে চোখে পড়ে। প্রকৃতির দৃশ্য, রঙের বৈচিত্র্য কিংবা আলোছায়ার পরিবর্তন রয়েছে এমন দৃশ্যে এই পার্থক্য বিশেষভাবে বোঝা যায়।
শুধু পর্দার প্রযুক্তিই নয়, ছবির মান উন্নত করতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তাও ব্যবহার করা হচ্ছে। টিভিতে দেখানো বিষয়বস্তু বিশ্লেষণ করে এআই রং, কনট্রাস্ট ও ছবির খুঁটিনাটি সমন্বয় করতে পারে। এতে পর্দায় ছবির মান আরও উন্নত হয়।
তবে ভালো ছবি দেখার জন্য মাইক্রো আরজিবিই একমাত্র বিকল্প নয়। দামের ভিন্নতা অনুযায়ী প্রচলিত এলইডি, মিনি এলইডি ও ওএলইডি টিভিও পছন্দ হতে পারে। শেষ পর্যন্ত কোন প্রযুক্তির টিভি কেনা হবে, তা নির্ভর করে ব্যক্তিগত পছন্দ, প্রয়োজন ও বাজেটের ওপর।

দৈনিক টার্গেট 























