গত অক্টোবরে অ্যান্ড্রয়েডের কয়েকজন বেটা ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে এ সুবিধা চালু করে প্রতিষ্ঠানটি। কয়েক সপ্তাহ পর আইওএস ব্যবহারকারীদের জন্যও এর পরীক্ষা চালানো হয়। এবার আনুষ্ঠানিকভাবে সুবিধাটি চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। পর্যায়ক্রমে বিশ্বের সব ব্যবহারকারী এটি পাবেন।
প্ল্যাটফর্মটি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ে মেসেজ পাঠাতে সেটি লিখে সেন্ড বোতাম চেপে ধরে রাখতে হবে। তখন বার্তা পৌঁছানোর তারিখ ও সময় বেছে নেওয়ার সুযোগ আসবে। প্রাপকের কাছে বার্তাটি অন্য সাধারণ বার্তার মতোই দেখাবে।
ব্যবহারকারীরা আগে থেকে নির্ধারণ করে রাখা সব বার্তার তালিকাও দেখতে পারবেন। চাইলে পাঠানোর নির্ধারিত সময়ের আগে সেসব বার্তা মুছেও ফেলতে পারবেন।
ফোন বন্ধ থাকলেও কিংবা চার্জ শেষ হয়ে গেলেও নির্ধারিত সময়ে বার্তা প্রাপকের কাছে পৌঁছে যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অন্য ব্যক্তিগত বার্তার মতো নির্ধারিত বার্তাও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ বার্তার বিষয়বস্তু পড়তে পারবেন না, এমনকি হোয়াটসঅ্যাপও নয়।
হোয়াটসঅ্যাপের মতে, কিছু বার্তা নির্দিষ্ট সময়েই পাঠানো প্রয়োজন হয়। কিন্তু বার্তা পাঠানোর কথা মনে পড়লেও তখন হয়তো তা পাঠানোর উপযুক্ত সময় নয়। যেমন, রাত ১১টায় মনে পড়ল পরদিন সকালে কারও পরীক্ষা। তাঁকে শুভকামনা জানাতে চান, কিন্তু এত রাতে বার্তা পাঠানো ঠিক হবে না। আবার বিদেশে থাকা বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানাতে চান, কিন্তু তাঁর স্থানীয় সময় যখন রাত ১২টা, তখন আপনি হয়তো ঘুমিয়ে থাকবেন বা ব্যস্ত থাকবেন।
এ ধরনের পরিস্থিতিতে আগে থেকেই বার্তা লিখে পাঠানোর সময় নির্ধারণ করে রাখা যাবে। ফলে গুরুত্বপূর্ণ কোনো বার্তা পাঠানোর কথা ভুলে যাওয়ার আশঙ্কাও কমবে।
হোয়াটসঅ্যাপের ভাষ্য, যাঁরা গুরুত্বপূর্ণ, তাঁদের কাছে ঠিক সময়ে পৌঁছানোর আরও একটি উপায় হবে এই শিডিউলড মেসেজের সুবিধা।

দৈনিক টার্গেট 
























