তবে তুলনামূলকভাবে ছোট পরিসরে হলেও ভারতের দরিদ্রতম রাজ্য বিহারের বিধায়ক অনন্ত সিং গতকাল বুধবার (২৫ নভেম্বর) তাঁর মেয়ে শিবাঙ্গী সিং ও আটলান্টার জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির এমবিএ শিক্ষার্থী ঋষিকেশ কুমারের বিয়েতে গ্রামীণ পরিবেশে সেই মাত্রার আয়োজনেরই এক নজির গড়েছেন।
বিহারের নাদাওয়ায় অনন্ত সিংয়ের গ্রামের বাড়িতে ২ দশমিক ৫ হেক্টর জমিতে প্রায় ৪ লাখ অতিথিকে আপ্যায়ন করা হয়েছে—ভারতের বিখ্যাত জাঁকজমকপূর্ণ বিয়ের মানদণ্ডেও যা রীতিমতো বিস্ময়কর। অনন্ত সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী মুন্না সিং বার্তা সংস্থা এএফপিকে জানান, অতিথিদের জন্য ৫ লাখ ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করা হয়েছিল এবং ৫০০ বাবুর্চি ও রাঁধুনির একটি দল ভোজের আয়োজন সামলেছে। কাবাব ও তরকারির জন্য ১ হাজার কেজি খাসির মাংস ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। ভারতজুড়ে আসা ভিআইপি অতিথিদের যাতায়াতের জন্য ছয়টি অস্থায়ী হেলিপ্যাডও তৈরি করা হয়েছিল।
হিন্দু ধর্মে বিজোড় সংখ্যাকে শুভ মনে করায় বর ঋষিকেশ কুমার ১৫১টি গাড়ির বহর নিয়ে সানগ্লাস পরে ও গেরুয়া স্কার্ফ নাড়তে নাড়তে বিয়ের ভেন্যুতে পৌঁছান। বরকে দেওয়া উপহারের তালিকায় ছিল একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি।
বিয়ের আগে ভেন্যুগামী সড়কগুলোতে গাড়ির এতটাই জট তৈরি হয়েছিল যে, দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, যানজট এড়াতে এক অতিথি ট্র্যাক্টরে চড়ে আশপাশের ফসলের মাঠের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যান। এ ছাড়া চীন থেকে আমদানি করা ফুল দিয়ে সাজসজ্জা এবং আতশবাজির প্রদর্শনের ব্যবস্থাও রাখা হয়েছিল।
অনন্ত সিং নিজেও বেশ বিতর্কিত নেতা। রাজ্য বিধানসভায় পাঁচবার নির্বাচিত এই নেতার বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টা থেকে শুরু করে চাঁদাবাজি ও অপহরণ পর্যন্ত ২৮টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।
ভারতে সুশাসন ও গণতন্ত্র জোরদারে কাজ করা বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) ওয়েবসাইটে এসব মামলার তালিকা রয়েছে। তবে অনন্ত সিং এসব অভিযোগ অস্বীকার করেছেন।
বিয়ের আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে আয়োজনের বিশালতা নিয়ে বিস্ময় প্রকাশের বিষয়টি উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘বড় মেয়ের বিয়েতেও আমি ঠিক একই রকম আয়োজন করেছিলাম।’
উল্লেখ্য, ভারতে বিয়ের মৌসুম সবে শুরু হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দেশজুড়ে প্রায় ৫২ লাখ বিয়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
-a05f78-256x144.webp)
দৈনিক টার্গেট 
























