যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী লরি শ্যাভেজ-ডেরেমা পদত্যাগ করেছেন। অসদাচরণ ও অভ্যন্তরীণ তদন্তের অভিযোগ ঘিরে তৈরি হওয়া চাপের মধ্যেই তিনি দায়িত্ব ছাড়েন। স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) হোয়াইট হাউস এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, তরুণী নারী কর্মীদের সঙ্গে আচরণসহ একাধিক অভিযোগ নিয়ে কয়েকদিন ধরেই তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠছিল। এসব বিতর্কের মধ্যেই শেষ পর্যন্ত তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, লরি শ্যাভেজ-ডেরেমা এখন বেসরকারি খাতে যুক্ত হচ্ছেন। ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চুং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, শ্রমিক অধিকার ও শ্রম আইন বাস্তবায়নে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
পদত্যাগের পর দেওয়া বিবৃতিতে শ্যাভেজ-ডেরেমা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মার্কিন শ্রমিকদের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা দায়িত্ব হারান বা সরিয়ে দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এবং অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি, যাদের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ ওঠে।
সব মিলিয়ে, ট্রাম্প প্রশাসনের ভেতরে উচ্চপর্যায়ের রদবদল ও বিতর্কিত পরিস্থিতি আবারও আলোচনায় এসেছে।















Leave a Reply