দৈনিক টার্গেট

দেশের চেতনায়

ঝড় ‘কাজিকি’ ভিয়েতনামে ধেয়ে আসছে

ভিয়েতনামের মধ্যাঞ্চলবর্তী প্রদেশগুলোতে তীব্র ঝড় ‘কাজিকি’ ধেয়ে আসছে। দেশের কর্তৃপক্ষ পাঁচ লাখ ৮৬ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। ঘূর্ণিঝড়টি ইতোমধ্যেই ঘণ্টায় ১৬৬ কিলোমিটার (প্রায় ১০৩ মাইল) বেগে বাতাস বইছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৫ আগস্ট) ভোরে স্থলভাগে আঘাত হানার আগে ঝড়টি আরও শক্তিশালী হতে পারে। ভিয়েতনামের থান হোয়া, কোয়াং ত্রি, হিউ এবং দা নাং প্রদেশের জনগণকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। নিরাপত্তার কারণে অভ্যন্তরীণ বিমান চলাচল বাতিল করা হয়েছে এবং মাছ ধরার নৌকাগুলোকে তীরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ঝড়টি ইতোমধ্যেই চীনের হাইনান অতিক্রম করছে। সেখানে আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী ৩২০ মিলিমিটার (প্রায় ১২.৬ ইঞ্চি) পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। ভিয়েতনামে প্রবেশের সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়ের শক্তি কিছুটা কমলেও বাতাসের গতি ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়াও, ৩০০ থেকে ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত এবং ২ থেকে ৪ মিটার উচ্চতার ঝড়ো জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।

কর্তৃপক্ষ রবিবার দুপুর ২টার পর প্রকল্পিত পথের বাইরে জনসাধারণকে না যাওয়ার নির্দেশ দিয়েছে। নিরাপত্তার জন্য সৈন্য মোতায়েন করা হয়েছে। কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক, পর্যটন ও জলযান কার্যক্রমের জন্য নিরাপদ নয়।

ভিয়েতনাম এয়ারলাইন্সও কেন্দ্রিয় শহরগুলোতে যাওয়া এবং আসার কমপক্ষে ২২টি ফ্লাইট বাতিল করেছে। কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, ঘূর্ণিঝড়টি গত বছরের ‘ইয়াগি’ টাইফুনের মতো ধ্বংসাত্মক হতে পারে, যা তখন শত শত মানুষের প্রাণহানি ঘটিয়েছিল।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।