শুক্রবার (২০ নভেম্বর) এক অনুসন্ধানী প্রতিবেদনে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ছিল বহুমাত্রিক। দেশটি থেকে নারী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যুক্তরাষ্ট্রে নিয়ে যৌন শোষণের নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি জীবনের শেষ দশকে রাশিয়ার ধনকুবের, প্রভাবশালী ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করেছিলেন তিনি। উদ্দেশ্য ছিল বিতর্কিত অতীত পেছনে ফেলে আন্তর্জাতিক অভিজাত মহলে নিজের অবস্থান পুনরুদ্ধার করা। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত পূরণ হয়নি। সম্প্রতি প্রকাশিত নথি, ই-মেইল, বিমান চলাচলের তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকারের ভিত্তিতে করা রয়টার্সের এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।
২০০২ সালের নভেম্বরে ব্যক্তিগত বিমানে রাশিয়া সফরে যান এপস্টিন। সঙ্গে ছিলেন তাঁর সকল অপকর্মের সঙ্গী তথা ব্রিটিশ সমাজকর্মী ও অভিজাত পরিবারের নারী গিসলেন ম্যাক্সওয়েল। ছিলেন ফরাসি মডেল স্কাউট জ্যঁ-লুক ব্রুনেলও। সেন্ট পিটার্সবার্গের বিখ্যাত আলেকজান্ডার প্রাসাদের ‘মভ রুম’ নামে পরিচিত কক্ষটি দেখার আগ্রহ থেকেই এ সফরের পরিকল্পনা করেছিলেন তিনি। নিউইয়র্কের বাড়ির একটি অংশ ওই কক্ষের রঙে সাজানোর পরামর্শ দিয়েছিলেন তাঁর ব্যক্তিগত ইন্টেরিয়র ডিজাইনার।
রাশিয়ার মস্কোয় যাত্রাবিরতির সময় এপস্টিন, ম্যাক্সওয়েল ও ব্রুনেল সশস্ত্র দেহরক্ষীসহ বুলেটপ্রুফ গাড়িতে করে চেচেন ব্যবসায়ী ধনকুবের উমর জাবরাইলভের সঙ্গে একটি রেস্তোরাঁয় নৈশভোজে যান। পরে এপস্টিন গাড়িচালককে তভেরস্কায়া সড়ক দিয়ে গাড়ি চালাতে বলেন, যাতে রাতের বেলায় সেখানে দাঁড়িয়ে থাকা যৌনকর্মীদের দেখতে পারেন। এই যাত্রাটি ছিল রাশিয়ার প্রতি তাঁর আগ্রহের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর পূর্ব ইউরোপ ও সাবেক সোভিয়েত অঞ্চলে পশ্চিমা মডেলিং এজেন্সিগুলোর তৎপরতা বাড়ে। এই সুযোগ কাজে লাগান ফরাসি মডেল স্কাউট ব্রুনেল। তিনি রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে তরুণীদের মডেলিংয়ের প্রলোভন দেখিয়ে প্যারিসে নিয়ে আসতেন। পরে তাঁদের যুক্তরাষ্ট্রের বাজারে পাঠানোর ব্যবস্থা করা হতো।
১৯৯১ সালে প্যারিসে ব্রুনেলের আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের সাবেক মডেল থিসিয়া হুইসম্যান। তাঁর ভাষ্য অনুযায়ী, সেখানে কিশোরী বয়সী এক রুশ মেয়েকে এপস্টিনের কোলে বসে থাকতে দেখেছিলেন তিনি। সেই মেয়েটি জানিয়েছিল, ব্রুনেল তাকে প্যারিসে যাওয়ার টিকিট কিনে দিয়েছিলেন এবং সুপারমডেল বানানোর প্রতিশ্রুতি দেন। মেয়েটি আরও বলেছিল, মডেলিংয়ের কাজ ভালো নয়, তবে ‘জেফরি আমার দেখাশোনা করেন’। হুইসম্যানের কাছে ঘটনাটি অস্বস্তিকর মনে হয়েছিল। তবে রয়টার্স স্বাধীনভাবে ওই অনুষ্ঠানের ঘটনা কিংবা মেয়েটির পরিচয় ও বয়স নিশ্চিত করতে পারেনি।
১৯৯৮ সালে রাশিয়ার শহর সারোভে প্রথমবারের মতো এপস্টিনের যাওয়ার তথ্য পাওয়া যায়। সোভিয়েত আমলে পারমাণবিক অস্ত্র কর্মসূচির গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই শহরটি। মাইক্রোসফটের তৎকালীন নির্বাহী নাথান মাইরভোল্ডের নেতৃত্বে সফরকারী একটি দলের সঙ্গে সেখানে যান এপস্টিন। সফরে রুশ বিজ্ঞানী আন্দ্রেই শাখারভের সাবেক বাড়িও পরিদর্শন করেন তাঁরা। সফরে এপস্টিনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা স্পষ্ট নয়।
রয়টার্সের হিসাবে, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত অঞ্চল থেকে অন্তত ১৭ নারী এপস্টিনের যৌন পাচার নেটওয়ার্কে জড়িয়ে পড়েছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন এখনো ন্যায়বিচারের জন্য লড়ছেন।
২০০৩ সালে ব্রুনেল মায়ামিতে কারিন মডেলস অব আমেরিকা নামে একটি মডেলিং এজেন্সি প্রতিষ্ঠা করেন। দুই বছর পর এর নাম হয় এমসি ২ মডেলস ম্যানেজমেন্ট। ফরাসি তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে ব্রুনেল জানান, এজেন্সিটিকে ৩ লাখ ডলারের ঋণের নিশ্চয়তা দিয়েছিলেন এপস্টিন। রয়টার্স অবশ্য ঋণের উৎস কিংবা পরিশোধের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
রাশিয়া থেকে তরুণী মডেল সংগ্রহ করে যুক্তরাষ্ট্রে আনার ক্ষেত্রে এজেন্সিটি সক্রিয় ছিল। তাঁদের ভ্রমণের কাগজপত্র তৈরিতে সহায়তা করা হতো এবং এপস্টিন তাঁদের থাকার জন্য অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করতেন।
এই নেটওয়ার্কে যুক্ত হওয়া রুশ নারী সভেতলানা পোজিদায়েভা রয়টার্সকে জানান, ২০০৮ সালে প্যারিসে এপস্টিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। ভিক্টোরিয়াস সিক্রেটের মডেল হওয়ার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরের বছর তাঁকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। পরে তিনি এমসি২-তে চুক্তিবদ্ধ হন এবং এপস্টিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করেন।
সভেতলানা পোজিদায়েভার ভাষ্য, তাঁর প্রধান দায়িত্ব ছিল এপস্টিনকে মালিশ করা। এ সময় তিনি নিয়মিত যৌন নির্যাতনের শিকার হন। তাঁর ভিসার ব্যবস্থা করেছিল এমসি ২, থাকার জায়গা দিয়েছিলেন এপস্টিন। এমনকি স্বাস্থ্যসেবাসহ দৈনন্দিন খরচও এপস্টিন বহন করতেন, তবে সেগুলো তাঁর নামে ঋণ হিসেবে হিসাব রাখা হতো। ফলে ধীরে ধীরে তিনি এপস্টিনের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। পালিয়ে গেলে রাশিয়ায় তাঁর পরিবারও বিপদে পড়তে পারে—এমন ভয়ও কাজ করত তাঁর মধ্যে।
২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে যৌনকর্মে প্রলুব্ধ করাসহ বিভিন্ন অভিযোগে ফ্লোরিডায় দোষ স্বীকার করেন এপস্টিন। ১৩ মাস কারাভোগের পর ২০০৯ সালে গৃহবন্দিত্বে থাকাকালে রাশিয়ার অভিজাত মহলে প্রবেশের চেষ্টা আরও জোরদার করেন তিনি। ধনাঢ্য রুশ ব্যবসায়ীদের কাছে নিজেকে দক্ষ অর্থনৈতিক পরামর্শক হিসেবে উপস্থাপন করতেন।
২০১১ সালে রাশিয়া সফরের একটি পরিকল্পনায় মডেলিং এজেন্ট ও বিজ্ঞান একাডেমির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা ছিল। এপস্টিনের এক কর্মীর ই-মেইলে উল্লেখ ছিল, পুতিনের সঙ্গেও বৈঠকের কথা ছিল। তবে সফরটি শেষ পর্যন্ত বাতিল হয়। এপস্টিনের ঘনিষ্ঠ তিন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, পুতিনের সঙ্গে সাক্ষাতের কোনো বাস্তব আয়োজন ছিল বলে তাঁরা বিশ্বাস করেন না।
রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার চেষ্টায় সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী ও ডিপি ওয়ার্ল্ডের তৎকালীন চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েমকেও কাজে লাগাতে চেয়েছিলেন এপস্টিন। ২০১৫ সালে বিন সুলায়েম পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যান। এ সময় এপস্টিন তাঁর ব্যক্তিগত সহকারী সভেতলানা পোজিদায়েভার ভাইয়ের জন্য চাকরির ব্যবস্থা করতে অনুরোধ করেন। ২০১৭ সালের এক ই-মেইলে বিন সুলায়েম তাঁকে সাক্ষাৎকার নেওয়ার আশ্বাস দিলেও চাকরির বিষয়টি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
২০১৯ সালে অপ্রাপ্তবয়স্কদের যৌন পাচারের অভিযোগে আবার গ্রেপ্তার হন এপস্টিন। ওই বছরের আগস্টে নিউইয়র্কের কারাগারে ৬৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। ঘটনাটিকে আত্মহত্যা বলে ঘোষণা করা হয়। তাঁর সহযোগী ম্যাক্সওয়েল বর্তমানে যৌন নির্যাতনে সহায়তার দায়ে যুক্তরাষ্ট্রে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ব্রুনেল ২০২২ সালে প্যারিসের কারাগারে মারা যান। আর চলতি বছরের মার্চে মস্কোয় নিজ অ্যাপার্টমেন্টে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় জাবরাইলভকে। রুশ সংবাদমাধ্যম পুলিশের বরাত দিয়ে ঘটনাটিকে সম্ভাব্য আত্মহত্যা বলে জানিয়েছে।
রয়টার্সের অনুসন্ধানে দেখা গেছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পেছনে এপস্টিনের বড় কোনো ব্যবসায়িক সাফল্য কিংবা রাজনৈতিক প্রভাব অর্জিত হয়নি। পুতিনের সঙ্গে তাঁর সাক্ষাতেরও প্রমাণ নেই। তবে দেশটির নারীদের ব্যবহার করে গড়ে তোলা যৌন শোষণের নেটওয়ার্কের ক্ষত এখনো রয়ে গেছে।
রাশিয়া সফরের পর নিউইয়র্কে ফিরে এপস্টিন তাঁর বাড়ির প্রধান সিঁড়ির দেয়ালে যে রং ব্যবহার করেছিলেন, সেটি সেন্ট পিটার্সবার্গের আলেকজান্ডার প্রাসাদের বিখ্যাত ‘মভ রুম’-এর রঙের সঙ্গে অনেকটাই মিলে যায়। রাশিয়ার প্রতি তাঁর ব্যক্তিগত মোহের এ যেন এক দৃশ্যমান স্মারক।

দৈনিক টার্গেট 























