আল জাজিরা জানায়, কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো ড্রোন হামলায় আহত হয়েছিলেন ওই দুই ইতালিয়ান। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
এর আগে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল, দেশটির আকাশসীমায় ‘ইরানি শত্রুতাপূর্ণ ড্রোন’ মোকাবিলার সময় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন ইতালীয় নাগরিক ছিলেন।
এদিকে কুয়েতে দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউরোপীয় কাউন্সিলের এক বৈঠকে অংশ নেওয়ার সময় তিনি এ মৃত্যুর খবর পান বলে জানান।
এক্সে দেওয়া এক পোস্টে মেলোনি লেখেন, ‘আমার পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি। হামলায় ক্ষতিগ্রস্ত সবাই ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আমার সহমর্মিতা রইল।’
তবে কুয়েতে ড্রোন হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার (আইআরএনএ) প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র সারদার শেখারচি জানিয়েছেন, ওই অঞ্চলে ইরানি বাহিনী কোনো সামরিক বা আক্রমণাত্মক অভিযান চালায়নি।
সারদার শেখারচি অভিযোগ করেন, ইসরায়েল ও মার্কিন বাহিনী অতীতে বিভিন্ন সময় ‘ফলস ফ্ল্যাগ’ কৌশল এবং আঞ্চলিক উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাঁর দাবি, এসব অভিযোগের উদ্দেশ্য হলো নিজেদের কর্মকাণ্ড আড়াল করা এবং অঞ্চলে নিরাপত্তাহীনতা আরও বাড়ানো।
উল্লেখ্য, কুয়েত কর্তৃপক্ষ এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে। তবে তেহরান সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

দৈনিক টার্গেট 
























