ঈদে অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশনা পরিবহন মালিক সমিতির

দেশজুড়ে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের স্বস্তি নিশ্চিত করতে দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায় না করার কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটি জানিয়েছে, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে কোনোভাবেই বাড়তি টাকা নেওয়া যাবে না।

শনিবার (২ মে) রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও শৃঙ্খলিত করতে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বলা হয়, দেশের সব জেলা ও ইউনিট পর্যায়ে নির্ধারিত ভাড়া কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। পরিবহন মালিকদের প্রতি স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ঈদযাত্রা ও পণ্য পরিবহন ব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে একটি সাব-কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংক লরির চলাচল পর্যবেক্ষণ করবে এবং যানজট, দুর্ঘটনা ও অন্যান্য সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঈদ মৌসুমে যাত্রী ও পণ্য পরিবহনে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, সে বিষয়ে কেন্দ্রীয়ভাবে মনিটরিং জোরদার করা হবে।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কফিল উদ্দিন আহাম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন মহাসচিব সাইফুল ইসলাম, কার্যকরী সভাপতি এম এ বাতেন, সিনিয়র সহসভাপতি মোরশেদুল আলম কাদেরী, অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকনসহ মোট ৭৯ জন কর্মকর্তা ও সদস্য।

সব মিলিয়ে ঈদযাত্রাকে নিরাপদ, স্বস্তিদায়ক এবং অতিরিক্ত ভাড়ামুক্ত রাখাই সংগঠনটির মূল লক্ষ্য বলে সভায় জানানো হয়।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।