ইসলামী কল্যাণরাষ্ট্র গঠনের আহ্বান

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর রাজনৈতিক ও সাংগঠনিক অবদান স্মরণ করে দেশবাসীর প্রতি তার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন দলটির বর্তমান আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মাওলানা নিজামী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ নেতা, যিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে আদর্শভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করেছেন। তিনি সততা, প্রজ্ঞা ও নেতৃত্বগুণের মাধ্যমে দেশের রাজনীতিতে বিশেষ অবস্থান তৈরি করেছিলেন।

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ছাত্রজীবন থেকেই ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন মাওলানা নিজামী। তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পক্ষে কাজ করেছেন এবং মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় সংসদ সদস্য হিসেবে তার বক্তব্য ও রাজনৈতিক ভূমিকা বহু মানুষের কাছে এখনও স্মরণীয়। কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা ও পরিকল্পনার মাধ্যমে শিল্পখাতে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখেন বলেও দাবি করেন জামায়াত আমির।

কওমি মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি, বিভিন্ন সামাজিক উদ্যোগ এবং ইসলামী সাহিত্যচর্চায় মাওলানা নিজামীর অবদানের কথাও তুলে ধরা হয় বিবৃতিতে। একইসঙ্গে দেশ-বিদেশে বিভিন্ন সভা-সেমিনারে তার বক্তব্য মানুষের মাঝে প্রভাব ফেলেছিল বলেও উল্লেখ করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক মামলায় দণ্ডিত হয়ে ২০১৬ সালের ১০ মে মাওলানা নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ সময় তিনি মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার অসমাপ্ত কাজ বাস্তবায়নে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।