পুলিশের একটি সূত্র জানায়, গত ২২ অক্টোবর বিকেল ৪টার দিকে ইজিবাইকচালক সোহরাব খান দৌলতপুর থানার মিনাক্ষী হল-সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় চাকরিচ্যুত এএসআই মো. মিরান শেখ তাঁকে খুলনা পুলিশ লাইনসের সামনে যাওয়ার কথা বলেন। তাঁকে নিয়ে ওই এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা আরও দুজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে খুলনায় যাওয়ার কথা বলে ইজিবাইকে ওঠেন।
খালিশপুর থানার বকুলতলা মোড়-সংলগ্ন ইসলামী ফাউন্ডেশনের সামনে পৌঁছালে মিরানের কাছে ফোন আসে, তাঁর মা মারা গেছে। এ সময় তিনি ইজিবাইক থামাতে বললে চালক গাড়ি থামিয়ে দেন। চালক পানি খাওয়ার জন্য বিপরীত দিকে গেলে মিরান ইজিবাইক নিয়ে পালিয়ে যান। পরে চালক ডিবি অফিসে একটি মৌখিক অভিযোগ করেন।
মহানগর ডিবি পুলিশের উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, চাকরিচ্যুত এএসআই মিরান প্রতারক প্রকৃতির। বাটপার ও বদ আচরণের কারণে তিনি চাকরিচ্যুত হন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হানি ট্র্যাপের মতো অভিযোগ রয়েছে। ইজিবাইক চুরির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

দৈনিক টার্গেট 






















